জনতার খবর ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির নেতা আছে বলেই এই সরকার বিএনপিকে এতো ভয় পায়। নেতা আছে বলেই আজ বিএনপি উঠে দাঁড়াচ্ছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সুসংগঠিত হচ্ছে।
সেই সাথে আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের যে আন্দোলন সেই আন্দোলনে তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি সেই আন্দোলনকে সফল করবে। ১৪ সেপ্টেম্বর বুধবার বিকাল সাড়ে ৫টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন ফখরুল।
শেখ হাসিনার অধিনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি এমনি মন্তব্য করে এই নেতা বলেন, নির্বাচন কমিশন যে রোড ম্যাপ দিক কোনো রোড ম্যাপ কাজ করবে না। কারণ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে অংশ নিবে না। আওয়ামী লীগ কোনো নির্বাচনেই তাদের প্রতিদ্বন্দ্বি দেখতে চায় না। সেটা জাতীয় নির্বাচন হোক কিনবা অন্য কোনো নির্বাচনেই হোক।
বিএনপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে দলটির মহাসচিব বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী দল। সন্ত্রাসী করেই তারা ক্ষমতায় টিকে আছে। আওয়ামী লীগ যে সন্ত্রাসী দল এটার প্রমাণ ঠাকুরগাঁওয়ের রুহিয়ার ঘটনা। এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনসহ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।












