মামলায় ৯৯ জনের নাম উল্লেখসহ আড়াইশ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বরগুনায় ছাত্রলীগ-যুবলীগের ওপর হামলার অভিযোগে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনিসহ ৪০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বরগুনার এসপি মো. আবদুল ছালাম জানান, সোমবার দুপুরে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু বাদী হয়ে পাথরঘাটা থানায় মামলাটি দায়ের করেছেন।
রোববার বরগুনা যাওয়ার পথে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনির গাড়িবহরে হামলা হয়।
মামলায় অভিযোগ করা হয়, নুরুল ইসলাম মনি নেতাকর্মীদের নিয়ে পাথরঘাটা আসার পথে উপজেলার নাচনাপাড়ার সিঅ্যান্ডবি এলাকায় তার সঙ্গে থাকা লোকজন ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের ওপর হামলা চালায়। তাদের হামলায় কাকচিড়ার ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুসহ ১০-১২ জন আহত হন। এ ছাড়া অগ্নিসংযোগসহ ৩০-৩৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
এসপি আবদুল ছালাম জানান, মামলায় ৯৯ জনের নাম উল্লেখসহ ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে; এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন পাঁচজন।
গ্রেপ্তাররা হলেন- বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফায়জুল মালেক সজিব, পাথরঘাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব খায়রুল ইসলাম শরীফ, রায়হানপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন, ছাত্রদল কর্মী হাসিব ও শাওন।
গ্রেপ্তাররা মামলার আসামির তালিকায় রয়েছেন বলেও তিনি জানিয়েছেন।
বিএনপি নেতাকর্মীরা জানান, তেল, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার বরগুনায় বিএনপির সমাবেশ হওয়ার কথা ছিল। সমাবেশ উপলক্ষে রোববার বিকালে সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নেতাকর্মীদের নিয়ে পাথরঘাটায় আসেন।
পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক বলেন, “আমরা কেন্দ্র ঘোষিত তেল গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সোমবার শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে চেয়েছিলাম। পাথরঘাটা থানায় লিখিত অনুমতি চেয়েছিলাম। অনুমতি পাওয়ার আগেই গতকাল নুরুল ইসলাম মনির ওপর হামলা হয়। পরে তিনি বরিশালে চিকিৎসা শেষে ঢাকায় চলে যান।”










