বরিশাল প্রতিনিধিঃ
বিআরটিএ কর্তৃক ভাড়া নির্ধারণ করে দিলেও বরিশাল সদর উপজেলার চরকাউয়া থেকে পূর্বাঞ্চলের সাতটি রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন সাধারণ যাত্রীরা।
সোমাবার বেলা এগারোটার দিকে নগরীর অশি^নী কুমার টাউন হলের সামনের সড়কে ছয়দফা দাবীতে এ কর্মসূচি পালন করা হয়। শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক এবং বিআরটিএ’র পরিচালক বরাবরে স্মারকলিপি পেশ করা হয়েছে।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, কীর্তনখোলা নদীর পূর্বাঞ্চলের সাতটি রুটে প্রতিদিন শিক্ষার্থী, দিনমজুরসহ নানা শ্রেণী পেশার আটহাজার মানুষ যাতায়াত করে থাকেন। সারাদেশে বিআরটিএ’র নির্ধারিত বাস ভাড়া আদায় করা হলেও ব্যতিক্রম চরকাউয়া বাস মালিক সমিতি। তারা ইচ্ছামাফিক অতিরিক্ত ভাড়া আদায় করছে।
তাই যাত্রী হয়রানী বন্ধ, শিক্ষার্থীদের হাফ ভাড়ার ব্যবস্থা, ফিটনেস বিহীন গাড়ী চলাচল বন্ধসহ ছয়দফা দাবী বাস্তবায়নের জন্য প্রশাসনকে ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হয়।










