বরিশাল প্রতিনিধিঃ
ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর নামক এলাকায় কুয়াকাটা থেকে ঢাকাগামী যাত্রীবাহি শ্যামলী পরিবহনের একটি বাসের চাঁপায় নারীসহ তিনজন নিহত হয়েছেন।
সর্বশেষ রবিবার বেলা আড়াইটার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বাবুগঞ্জ উপজেলার রহমতপুর গ্রামের মানিককাঠী গ্রামের বাসিন্দা ও ভ্যানচালক জয়নাল খান (৪৫)। এরআগে রবিবার বেলা পৌনে ১২ টার দিকে রহমতপুর ব্রীজ সংলগ্ন এলাকায় শ্যামলী পরিবহনের বাস যাত্রীবাহি ভ্যানকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুইজন যাত্রী নিহত হন। তারা হলেন, মানিককাঠী গ্রামের বাসিন্দা ফজলুল হক (৬৫) ও তার স্বজন পলি আক্তার (৩৫)।
একই দুর্ঘটনায় নিহত পলির চার বছরের শিশু ছেলে তাওহীদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। ঘটনার পর বাসটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে দায়ীদের বিচারের দাবিতে বিক্ষোভ করেন। প্রায় একঘন্টা পর বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নুশরাত ফাতিমার আশ্বাসে বিক্ষুব্ধরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।










