বরিশাল প্রতিনিধিঃ
সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ডিঙ্গামানিক গ্রামে মঙ্গলবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হাওলাদার (৪৫) নামের এক মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে।
পরিবারের বরাত দিয়ে শেবাচিম হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক আব্দুর রহমান বলেন, দুই মাস আগে মালয়েশিয়া থেকে ছুটিতে দেশে ফিরেছেন কামাল।
দেশে ফিরে গ্রামে ঘর নির্মাণের কাজ শুরু করেন। মঙ্গলবার দুপুরে পাম্প দিয়ে নির্মিতব্য ঘরের দেয়ালে পানি দেয়ার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে সে (কামাল) বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বজনরা তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে আনার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।










