জনতার খবর ডেস্কঃ বৈশ্বিক সংকটের মধ্যে অন্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ বেহেশতে আছেন বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্প বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ’যেসব দেশে অর্থ পাচার হয়, সেসব দেশের কাছে তথ্য চাওয়া হলেও সাড়া মিলছে না।’
সুইজারল্যান্ডকে বন্ধু দেশ উল্লেখ করে তিনি বলেন, ‘অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক থেকে সুইস ব্যাংকের কাছে অতীতে ৬৭ জনের নাম উল্লেখ করে চিঠি দিয়ে তাদের অর্থের তথ্য চাওয়া হয়েছিল। সে সময় তারা শুধু একজনের তথ্য দিয়েছিল। আরও কয়েকবার তথ্য চাওয়া হলেও তাদের রাষ্ট্রদূত বলেছেন তথ্য চাওয়া হয়নি।’ সুইজারল্যান্ডকে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হিসেবে এমন তথ্য বিভ্রাট না করার পরামর্শ দেন ড. এ কে আব্দুল মোমেন।
‘বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে’ একটি পক্ষ এমন গুজব ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে, বুধবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ-ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টকে’ সাংবাদিকদের প্রশ্নে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড বলেন, ’সুইস ব্যাংকে অর্থ জমা করা বাংলাদেশিদের বিষয়ে কোনো তথ্য সরকারের তরফ থেকে তাদের কাছে জানতে চাওয়া হয়নি।’












