ঝালকাঠি প্রতিনিধিঃ
সরকারি বরাদ্দ পাওয়া মোটরসাইকেলটি দাপ্তরিক কাজে ব্যবহার না করে রেন্টে মাসিক ভাড়া দেয়ার অভিযোগ উঠেছে
ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনোলজিস্ট অঞ্জনা রানী দাসের বিরুদ্ধে।একই সাথে অঞ্জনা রানীর বিরুদ্ধে মোটরসাইকেলের অনুকুলে প্রতি তিন মাসে একবার সরকারি বরাদ্ধ জ্বালানী-মবিল তেলের বিল করে তুলে আত্মসাতের অভিযোগও রয়েছে।
বিষয়টি নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শিউলি পারভীন অবগত থাকলেও অনৈতিক সুবিধার বিনিময়ে তিনি সারাশব্দ করছেন না অভিযোগে করা হয়েছে। ইপিআই টেকনোলজিস্টকে মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনের জন্য বরাদ্দ মটরসাইকেল অবশ্যই সরকারি কাজে ব্যবহার করতে হবে বলে ঝালকাঠি সিভিল সার্জন জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে নলছিটি স্বাস্থ্য কমম্পেক্সের একটি সূত্র জানায়, ইপিআই টেকনোলজিস্ট অঞ্জনা রানী দাস সরকারী ভাবে (রেজিস্ট্রেশন নাম্বার – ঢাকা মেট্রো – হ – ২২৭০০৩ ) ১১০ সিসি মটরসাইকেলটি বরাদ্দ
পাওয়ার পর থেকেই মাসিক ভাড়ায় দিয়েছেন। তার কথিত ভাসুর পুত্র ২৯নং রানাপাশা মল্লিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শুভ গুহর কাছে ভাড়া দিয়ে মাসে ৫ হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন। সেইসাথে মটরসাইকেলটি নিজে
ব্যবহার না করেও প্রতি তিন মাস পরপর তেল, মবিল ও সার্ভিসিং বাবদ বরাদ্দ অর্থ হাতিয়ে নিয়ে তিনি ডাবল মুনাফা করছেন।
এবিষয়ে অঞ্জনা রানী দাস সরকারী মটরসাইকেলটি ভাড়ায় দেয়ার অভিযোগ
অস্বীকার করে বলেন, সরকার তো আমাকে অতিরিক্ত তেল, মবিল ও সার্ভিসিং খরচ
দেয়না তাই গাড়ীটি বাসায় রেখে দেয়েছি। তবে ব্যাক্তিগত খরচ দিয়ে আমার ছেলে
মাঝে মধ্যে চালায়।
সহকারী শিক্ষক শুভ গুহর কাছে মাসিক ৫হাজার টাকায় ভাড়া দেয়া বিষয় তিনি বলেন, শুভ তার ভাসুর ছেলে তাই দুই একদিন গাড়িটি নিয়ে চালিয়ে থাকতে পারে, সেটা কি নিষেধ নাকি’। আর হাসপাতাল এলাকায় রাখলে চুরির ভয়ে মটরসাইকেলটি নিজ বাসায় রাখেন বলে তিনি দাবী করেন।
এ বিষয় নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শিউলি পারভীন সাংবাদিকদের জানান, সরকারী বরাদ্দের মটোরসাইকেল ভাড়া দেয়ার কোন তথ্য তার জানা নেই। তার জানামতে ‘মটরসাইকেলটি অকেজো অবস্থায়
হাসপাতালের স্টোরে পরে রয়েছে’।
এ ব্যাপারে জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (সিভিল সার্জন) শিহাব উদ্দিন সাংবাদিকদের বলেন, বিষয়টি আগেও আমি একবার শুনেছি। সরকারি বরাদ্দকৃত মটরসাইকেল দাপ্তরিক কাজের বাহিরে কোন ভাবেই ব্যবহার
করতে পারেনা। তাই গাড়ীটির অপব্যবহারের উপযুক্ত প্রমাণ পেলে অবশ্যই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।










