অনলাইন ডেস্কঃ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভোলায় দুটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় ৮ জেলে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
গতকাল ১০ আগস্ট মঙ্গলবার চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়ন থেকে সাগরে মাছ ধরতে গিয়ে সন্ধ্যায় মো. ইউসুফ মাঝির একটি ট্রলার ১৩ জন মাঝিমাল্লা নিয়ে ডুবে যায়। পরে ৫ জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ রয়েছেন ৮ জন। তবে নিখোঁজদের নাম পরিচয় জানা যায়নি।
এর আগে, দুপুরে ঢালচর ঘাটের আবুল কালাম মাঝির একটি ট্রলার ১২ জন জেলেসহ ডুবে যায় যায়। এ সময় অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে পটুয়াখালীর মহিপুরে নিয়ে যায়।
ট্রলারডুবির ঘটনা নিশ্চিত করেছেন চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার। তিনি জানান, দুপুরে ডুবে যাওয়া ট্রলারটির সবাইকে উদ্ধার করে পটুয়াখালীতে নিয়ে গেছেন অন্য জেলেরা। তবে সন্ধ্যার ডুবে যাওয়া ট্রলারটির সবাই এখনো উদ্ধার হয়নি। সূত্রঃ বাংলা ভিশন।










