বরিশাল প্রতিনিধিঃ
নানান কর্মসূচীর মধ্য দিয়ে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা, গাছের চারা বিতরণসহ আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীবসহ অন্যান্যরা।
একইদিন সকালে নানা আয়োজনের মধ্যদিয়ে আগৈলঝাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালিত হয়।










