অনলাইন ডেস্কঃ যাত্রীবেশে কুষ্টিয়া থেকে ঢাকাগামী নৈশ বাসে উঠে ডাকাতদল। প্রথমে গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে যাত্রীদের হাত-পা, চোখ বেঁধে মারধর ও লুটপাট চালায়। পরে এক নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে।
শেষে পথ পরিবর্তন করে টাঙ্গাইলের মধুপুরের রাস্তার পাশের বালির ডিবিতে বাস উলটে দিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। আন্তঃজেলা ডাকাতদলের ওই সদস্যরা মঙ্গলবার গভীর রাতে টানা তিন ঘণ্টা বাসের নিয়ন্ত্রণ নিয়ে যাত্রীদের ওপর এমন তাণ্ডব চালায়।
কুষ্টিয়ার বড়াইগ্রাম থেকে ইগল পরিবহণের বাস (নম্বর পাবনা-ব-১১-০১৫৪) অন্তত ৩০/৩৫ জন যাত্রী ঢাকার উদ্দেশে ছেড়ে আসার পথে এমন ঘটনার শিকার হয়েছে। ভোর সাড়ে ৩টার দিকে মধুপুরের রক্তিপাড়া জামে মসজিদের উলটোপাশে মজিবরের বাড়ির সামনের বালির ডিবিতে বাস দুর্ঘটনায় পতিত করে ডাকাতরা চলে যায়।
নাটোরের বড়াই গ্রামের বাসিন্দা ফল ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব ওই বাসের নিয়মিত যাত্রী। তিনি বলেন, বাসের সুপারভাইজার রাব্বি ও হেলপার দুলাল তার পূর্বপরিচিত। কিন্তু বাসের এবারের চালক নতুন।
তিনি বড়াইগ্রামের তরমুজ চত্বর থেকে আমড়া, কাঁঠাল, তালসহ বিভিন্ন ফল ঢাকার গুলশানে নিয়ে যেতে বাসে উঠেন। বাসটি সিরাজগঞ্জের কাছাকাছি দিবারাত্রি হোটেলে নৈশভোজের জন্য যাত্রাবিরতি দেওয়া হয়।
দেড়টার দিকে আবার যাত্রা শুরু করে। পথে কাঁধে ব্যাগ বহন করা ১০/১২ জন তরুণ যাত্রী ওঠে। সবাই প্রায় ঘুমে। বাসটি বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর যাত্রীবেশে থাকা ওই তরুণরা ঘুমন্ত যাত্রীদের অস্ত্রের মুখে একে একে বেঁধে ফেলে।
প্রত্যেক যাত্রীর চোখ ও মুখ বেঁধে চালককে জিম্মি করে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পাঁচ মিনিটের মধ্যে সব যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন, টাকা, গহনা লুট করে নেয়। তারপর এক নারী যাত্রীকে ধর্ষণ করে।
এ সময় ডাকাতদলের কেউ কেউ মৌখিক বাধা দিলেও তা না মেনে চার তরুণ নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। বাস বিভিন্ন রাস্তায় ঘুরিয়ে ও নির্যাতন চালিয়ে তিন ঘণ্টার মতো নিয়ন্ত্রণে রাখে।
পরে পথ পরিবর্তন করে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া জামে মসজিদের পাশে বালির ডিবিতে বাসটি উলটে দিয়ে ডাকাতরা নেমে যায়। হাবিবুর আরও বলেন, এ পাশবিকতা ’৭১-এর বর্বরতাকেও হার মানিয়েছে। তিনি জানান, সকালে স্থানীয় বাসিন্দারা আমাদের উদ্ধার করেছেন। রক্তিপাড়া জামে মসজিদের ইমামসহ অন্যরা তাদের নাশতাও করিয়েছেন।
কুষ্টিয়ার দৌলতপুর থানার তারাগুনিয়া গ্রামের শিল্পী বেগম অসুস্থ মেয়ে জেসমিনকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। বুধবার কানের অপারেশন হওয়ার কথা ছিল। তিনি জানান, তার কাছে থাকা ৩০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে ডাকাতরা। এ সময় তার স্বামী পিয়ার আলীকে ছুরি দিয়ে আঘাত করে আহত করেছে তারা।
বেসরকারি চাকরিজীবী নারায়ণগঞ্জের বাসিন্দা আব্দুর রশিদ নাটোর থেকে বাড়ি যাচ্ছিলেন অসুস্থ মাকে দেখার জন্য। বেতনের ২২ হাজার ৮০০ টাকা ডাকাতরা নিয়ে গেছে।
সকালে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। গাড়িতে থাকা দেশীয় অস্ত্র উদ্ধারের কথা স্বীকার করেছেন মধুপুর থানার উপপরিদর্শক এনামুল হক। বিকাল ৫টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ডিবি পুলিশের একটি দল তদন্তকাজ করছে। পুলিশের সহযোগিতায় একদল উদ্ধারকর্মী বাস উদ্ধার করছেন।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ঘটনাস্থল পরিদর্শন করেন। দিনভর অধিকাংশ যাত্রীকে থানায় রাখা হয়। বিকালে চালক, সুপারভাইজার, হেলপার, বাসযাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়।
এ সময় ময়মনসিংহ থেকে আসা ডিএনএ পরীক্ষার জন্য কর্মীদের থানায় অবস্থান করতে দেখা যায়। পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই নারীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
থানায় ধর্ষণ ও ডাকাতির মামলা হয়েছে। সরেজমিনে দেখা যায়, থানার গোল ঘরে বাসযাত্রী নারী-পুরুষ, শিশু অবস্থান করছে। তদন্ত ওসির কক্ষে বসে থাকা বাসযাত্রী নাটোরের গুরুদাসপুরের বিয়াঘাট গ্রামের আলী আহসান, কুষ্টিয়ার দৌলতপুরের বাগুয়ান গ্রামের মিজানুর রহমান মিজান ঘটনার কথা স্বীকার করেছেন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন জানান, পুরো ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। বাসের এক যাত্রীকে বাদী করে মামলার প্রক্রিয়াধীন।
কাউকে আটক বা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, সবদিক বিবেচনায় তদন্ত চলছে। বলার মতো তথ্য এখনো নেই। টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, তদন্ত ভালোভাবে অগ্রসর হচ্ছে। কাউকে আটক করা হয়নি। সময় হলে গণমাধ্যমকে সব জানানো হবে। সূত্রঃ যুগান্তর।










