খেলা ডেস্কঃ আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ফুটবল প্রতিযোগিতায় নারী রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ঘুষি মেরে বসেন ক্রিস্টিয়ান তিরোনে নামে এক ফুটবলার। এ ঘটনার পরই তাকে গ্রেফতার করা হয়। তিরোনেকে আজীবন নিষিদ্ধ করে তার ক্লাব।
আর্জেন্টিনার ত্রেস আরোসে তৃতীয় স্তরের লিগে ইন্দিপেনদিনসিয়া ও গারমেনেসের মধ্যকার ম্যাচ পরিচালনা করছিলেন দালমা কোরতাদি। ম্যাচ চলাকালে ফাউল করায় তিরোনেকে হলুদ কার্ড দেখান কোরতাদি। রেফারির এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ৩৪ বছর বয়সী এ আর্জেন্টাইন ফুটবলার।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কোরতাদির পেছনে দৌড়ে এসে তার মাথা বরাবর ঘুষি মারেন তিরোনে। কিন্তু নিশানা ঠিক না হওয়ায় লক্ষ্যচ্যুত হয়ে ঘুষিটি কোরতাদির ঘাড়ে লাগে। আঘাতে তৎক্ষণাৎ মাঠে পড়ে যান কোরতাদি। কয়েক মুহূর্ত পর উঠেও দাঁড়ান। অন্যদিকে এক আঘাতে অসন্তুষ্ঠ তিরোনে আরও আগ্রাসী হয়ে রেফারির দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু অন্য খেলোয়াড় ও নিরাপত্তারক্ষীদের সহায়তায় ঘটনা সেখানেই ক্ষান্ত হয়।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে ৩০ বছর বয়সী ওই নারী রেফারি ‘রেডিও আকতিভা’কে দেয়া সাক্ষাতকারে বলেন, ‘আঘাত পেয়ে আমি পড়ে যাই এবং আর কিছু মনে করতে পারিনি। উঠে দাঁড়ানোর পর মাথা ঘুরছিল এবং মনে হচ্ছিল বমি হবে। এ ধরনের ঘটনা কোনোভাবেই ঘটতে দেয়া যায় না।’
এছাড়া আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ওলে’কে দেয়া সাক্ষাতকারে বিচার চেয়ে তিনি বলেন, ‘নারী হওয়ায় তিনি নিজেকে দুর্বল মনে করছেন না, যেহেতু এমন ঘটনা নারী–পুরুষ যে কারও সঙ্গেই হতে পারে, আমি বিচার চাই। ওই লোকটা যেন কৃতকর্মের শাস্তি পায়। লিঙ্গ এখানে কোনো বিষয় না। নারী হওয়ায় শুধু আমার সঙ্গে নয়, ছেলেরাও এমন ঘটনার শিকার হয়।’
ঘটনার পরপরই তিরোনেকে গ্রেফতার করে পুলিশ। ৩৪ বছর বয়সী এই ফুটবলারকে এরই মধ্যে আজীবন নিষিদ্ধ করে তার দল গারমেনস। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘ ক্লাব এই ঘটনা প্রত্যাখ্যান করছে, যা খেলার চেতনার সঙ্গে বেমানান।’












