অনলাইন ডেস্কঃ ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মৃত মায়ের গর্ভ ফেটে অলৌকিকভাবে জন্ম নেয়া নবজাতক শিশুকে রাজধানীর আজিমপুরে অবস্থিত ছোট্টমণি নিবাসে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে। ২৯ জুলাই শুক্রবার সকালে ওই শিশুকে আজিমপুর ছোট্রমণি নিবাসে নিয়ে যাওয়া হবে।
শিশুটি কার কাছে, কিভাবে থাকবে এসব বিষয়ে গত বুধবার জেলা প্রশাসন ও ত্রিশাল উপজেলা শিশু কল্যাণ বোর্ডের একাধিক সভা অনুষ্ঠিত হয়। শিশুটিকে পরিচর্যাকারী লাবিব হাসপাতালের পরিচালক মো. শাহজাহান বলেন, শিশুটির ব্যাপারে পুরো দায়িত্ব তিনি প্রশাসনকে দিয়েছেন।
বুধবার রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিশুটিকে ছোট্টমণি নিবাসে পাঠানো হবে।
গত ১৬ জুলাই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পারাপারের সময় রত্না বেগম নামের এক অন্তঃসত্ত্বা নারী ট্রাকের চাপায় পড়ে স্বামী ও এক কন্যাসহ মারা যান তিনজন। এ সময় ঘটনাস্থলে ভূমিষ্ঠ হয় এক কন্যাশিশু।
জন্ডিসের লক্ষণ দেখা দেওয়ায় গত ১৮ জুলাই ক্লিনিক কর্তৃপক্ষ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যায়। মমেক কর্তৃপক্ষ শিশুটির চিকিৎসায় পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে। শিশুটি বর্তমানে সুস্থ।
মমেক হাসপাতালের উপপরিচালক ডা. ওয়ায়েজ উদ্দিন ফরাজী জানান, শিশুটি আগের চেয়ে ভালো।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, শিশুটিকে রাজধানীর আজিমপুরে অবস্থিত ছোট্টমণি নিবাসে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওইখানে পৌছে দেওয়ার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে ওই শিশুকে আজিমপুর ছোট্রমণি নিবাসে নিয়ে যাওয়া হবে। সূত্রঃ ডেইলি বাংলাদেশ।










