ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পাচ্ছেন ১৫২ গৃহহীন ও ভ‚মিহীন পরিবার। এর মধ্যে নলছিটি উপজেলায় ১২২ ও রাজাপুরে ৩০ পরিবারকে আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর হস্তান্তর করবেন।
আজ ১৯ জুলাই মঙ্গলবার দুপুরে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন খরাতি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার জানান, নলছিটি উপজেলায় এখন পর্যন্ত ৩৮৫ জন গৃহহীন ও ভ‚মিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর দেওয়া হয়েছে। তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী নলছিটিতে ১২২টি এবং রাজাপুরে ৩০টি ঘর উপহার দিবেন।
ইতোমধ্যে নলছিটি উপজেলার বহরমপুর ও মাটিভাঙা এলাকায় ঘরগুলো নির্মাণ করা হয়েছে। বিদ্যুৎ সংযোগ ও পানির ব্যবস্থাও করা হয়েছে। এখন শুধু হস্তান্তরের অপেক্ষায় আছে ১২২টি ঘর।










