ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মঈনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি, জেলা আইনজিবী সমিতির সভাপতি এ্যাড আব্দুল মান্নান রসুল সহ কমিটিভুক্ত সদস্যরা উপস্থিত ছিলেন। ঝালকাঠি জেলায় আইন শৃঙ্খলার সার্বিক পরিবেশ পরিস্থিতি ভাল থাকায় এবং জেলায় ঈদুল আযহা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটায় মানুষ স্বস্তি নিয়ে উৎসবমূখর পরিবেশে ঈদুল আযহা পালন করায় সন্তোষ প্রকাশ করা হয়েছে।
ঝালকাঠি জেলায় বিগত ১ মাসে (জুন ২০২২) ১টি দস্যুতা, দুটি অরাজনৈতিক খুন, ২টি ধর্ষণ, ১টি নারী নির্যাতন, ৬টি চুরির ঘটনা, ১২টি পরিবারিক সংঘাতজনিত মামলা, ২৪টি মাদক আইনে মামলাসহ মোট ৬০টি মামলা দায়ের হয়েছে এবং একটি মাসে ৫৭ জন আসামী গ্রেফতার হয়েছে। এর পূর্বের মাসেও জেলায় ৬০টি মামলা দায়ের ও ৪০জন আসামী গ্রেফতার হয়েছিল। ঝালকাঠির অপরাধ বিষয়ক এই সভায় জেলা কাজী সমিতির সভাপতি মাওঃ এস. এম. বসির, এ্যাড আব্দুল মান্নান রসুল প্রমুখ বক্তব্য রাখেন। সভায় মাদক নিয়ন্ত্রনের উপর গুরুত্ব দেয়া হয়েছে এবং এই মাদকের কারনেই সামাজিক ভাবে অপরাধ প্রবনতা বাড়ছে।
এছাড়া ঝালকাঠি জেলায় ১ মাসে ৩৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এ সময় ৭৩টি মামলা দায়ের করে ৭৩ জনকে দন্ডিত করে ১ লাখ ১৬ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে ও ৬ জনকে খন্ডকালিন কারাদন্ড প্রদান করা হয়েছে। ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি এই মোবাইল কোর্ট সংক্রান্ত প্রতিবেদন পেশ করেন।










