আতিকুর রহমান, ঝালকাঠিঃ-
২০হালি অর্থাৎ ৮০টি লেবুতে স্থানীয় ভাষায় ১পোন বলা হয়। বর্তমানে লেবুর মূল্যস্ফীতিতে ন্যায্য দাম পাচ্ছেন না কৃষক। ৮০টি লেবুর পাইকারী দাম আকার ও মান ভেদে ৪০ থেকে ৫০টাকা মাত্র। ১ পোন লেবু কিনে তাতে এককেজি চাল মিলছে না কৃষকের। এতে চরম হতাশায় রয়েছে তৃণমূলের প্রান্তিক লেবুচাষীরা।
ঝালকাঠির সদর উপজেলার ডুমুরিয়া, খেজুরা, কীর্তিপাশা, মিরাকাঠি, বাউকাঠি, শতদশকাঠি, ভিমরুলী, কাফুরকাঠি, আটঘর, গাভারামচন্দ্রপুর, পোষন্ডাসহ ২২ গ্রামের চাষিরা এই হাটে লেবু বিক্রি করেন। কাগজি লেবুই এখানে বেশি জনপ্রিয়। ভিটামিন সি সমৃদ্ধ সুগন্ধ ও রসে ভরা এই লেবুর চাহিদাও বেশি। এসব এলাকায় শুধু লেবু চাষ করেই প্রতিবছর অনেকে ভাগ্যের চাকা ঘুরিয়ে থাকলেও এবার তা থেমে গেছে।
ঝালকাঠির শহর থেকে কীর্তিপাশা হয়ে সরু সড়ক ধরে এগিয়ে গেলেই বিখ্যাত ভীমরুলী বাজার। খালের পাড় ঘেঁষে বিখ্যাত ভাসমান বাজারে যেতে যেতে চোখ প্রশান্ত করবে চিরায়ত গ্রাম-বাংলার মনোমুগ্ধকর সৌন্দর্য। যদিও এক সময়ের মেঠোপথ এখন পিচঢালা পাকা সড়ক। ঝালকাঠি শহর থেকেই মোটর সাইকেল, অটো রিক্সা, মাহিন্দ্রা ও লেগুনা যোগে মাত্র ৩০ মিনিটেই পৌঁছা যায় ভীমরুলী বাজারে।
পেয়ারার জন্য বিখ্যাত হলেও এখন ভীমরুলীর ভাসমান হাটে লেবুর রাজত্ব। পেয়ারা পরিপক্ক হয়ে পাকতে সময় লাগবে আরো ১৫দিন। তখন থেকেই বসবে পেয়ারার হাট। এখন ভীমরুলী ব্রিজের উপরে দাঁড়ালে দেখা যায় ছোট ছোট ডিঙি নৌকায় করে হাটে আসছে সুগন্ধি ও রসে ভরপুর কাগজি লেবু। খালের মধ্যে যেন সবুজের এক সমারোহ। লেবু চাষিরা খুব সকালে বিভিন্ন বাগানের গাছ থেকে লেবু সংগ্রহ করে নৌকায় নিয়ে আসছে ভীমরুলী খালের ভাসমান হাটে। আশপাশের ২২ গ্রামের চাষিরা প্রতিদিন মিলিত হন এই হাটে। প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা এখান থেকে লেবু নিয়ে যান। ভাসমান লেবু বাজারের বেচা-কেনা দেখতে দেশি-বিদেশি অনেক পর্যটকও ভিড় করতেন। স্বাভাবিক পরিস্থিতিতে এই হাট জমে থাকে লেবু চাষি, পাইকার ও দর্শনার্থীদের কোলাহলে। এখানে শুধু লেবুর বেচাকেনাই হয় না। ভাসমান হাট ব্যবস্থাপনা কমিটির সাবেক সাধারন সম্পাদক গৌতম রায় সুমন জানান, পেয়ারার মৌসুমে পর্যটকের ভিড় সামলাতে হিমশিম খেতে হয়। এখনও পেয়ারা পরিপক্ক হয়ে পাকতে শুরু করেনি। আরো ১৫দিন লাগবে পরিপক্ক হয়ে পাকতে। এসময়ে লেবুর ভরা মৌসুম। কিন্তু কলোম্ব লেবুর দখলে থাকায় পাইকাররা তেমন না আসায় নামমাত্র মূল্যে লেবু বিক্রি করছেন চাষীরা। ৮০টি লেবু আকার ও মান ভেদে ৪০থেকে ৫০টাকা দরে বিক্রি হচ্ছে। তা দিয়ে ১কেজি চাল কিনেই সীমাবদ্ধ থাকতে হয়। আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসের পুরো সময়টাই থাকবে পেয়ারার সরগরম। সেপ্টেম্বর মাসের শেষের দিকে একই নৌকায় করে আমড়া চাষিরা ভাসমান হাটে পসরা বসান। পেয়ার, আমড়া, লেবুসহ বিভিন্ন ধরনের সবজি বেচাকানার জন্য বিখ্যাত ভীমরুলীর ভাসমান হাট।
সরেজমিন ভীমরুলীর ভাসমান হাটে গিয়ে দেখা যায় লেবু চাষিরা ভীমরুলীর খালে ছোট ছোট ডিঙি নৌকায় লেবু নিয়ে পাইকারদের আশায় ঘুরে বেড়াচ্ছেন। কিছু কিছু পাইকারও দেখা গেলো খাল পাড়ে। তারা নৌকা ডেকে কিনারে এনে লেবুর দরদাম করছেন। লেবু চাষিরা লেবু বিক্রি করছেন পোন হিসেবে। ৮০টি লেবুতে এক পোন হয়।
জেলার কৃষি বিভাগ জানায়, ঝালকাঠি জেলায় ২৫০ হেক্টর জমিতে লেবুর চাষ হয়। বছরে জেলায় ১৮৭৫ মে.টন লেবু উৎপাদন হয়। লেবুর উৎপাদন খরচ কম এবং লাভ বেশি হওয়ায় চাষিরা লেবু চাষে বেশ আগ্রহী। কিন্তু এবছরের মূল্যস্ফীতিতে চরম হতাশায় কৃষকরা।
লেবু চাষিরা জানান, এক পোন (৮০টি) লেবু তারা গতবছরও চারশ’ টাকা বিক্রি করেন। বর্তমানে সেই লেবুর দাম ১০ভাগে এসে দাড়িয়েছে। এখন তা চারশ টাকার স্থলে ৪০টাকা দরে বিক্রি করছেন।
লেবু চাষি তৈয়বুর রহমান বলেন, আমি চার বিঘা জমিতে কাগজি লেবুর চাষ করেছি। উৎপাদন খরচ ছিল ৫০ হাজার টাকা। গতবছরে বছরে বিক্রি করেছি প্রায় ৪ লাখ টাকার লেবু। এবছর উৎপাদন খরচ আরো বেড়েছে কিন্তু লেবুর দাম আগের তুলনায় প্রায় ১০ভাগে এসে দাড়িয়েছে।
জেলা কৃষি স¤প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম বলেন, লেবু মানুষের শরীরে ভিটামিন সি’র ঘাটতি পূরণে সহায়তা করে। লেবু চাষের পরিধি বাড়াতে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ এবং সার ও ঋণের সংকট দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।










