অনলাইন ডেস্কঃ ধর্ষন মামলা মীমাংসা চেষ্টার অভিযোগ উঠেছে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে পুলিশ এ ঘটনায় মামলা নিয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে আশুলিয়া থানার এসআই ফরিদুল আলমকে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
১২ এপ্রিল মঙ্গলবার এসআই ফরিদুল আলমকে ক্লোজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম। এর আগে ২১ মার্চ আশুলিয়ার ঘোষবাগ এলাকায় এশিয়ান ইউনিভার্সিটি, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাকিব ভূইয়ার বিরুদ্ধে এক নারী পোশাক শ্রমিক থানায় ধর্ষণের অভিযোগ দেন।
অভিযোগে বলা হয়, গত ৩ থেকে ৪ মাস আগে তার দোকানে গিয়ে অভিযুক্তের ছাত্রলীগ নেতা সাকিব ভূইয়ার সঙ্গে পরিচয় হয় ভুক্তভোগী নারী পোশাক শ্রমিকের । এরপর থেকে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তাদের মধ্যে। পরে ওই নারীকে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। গত ৬ মার্চ সর্বশেষ ধর্ষণ করে ওই ছাত্রলীগ নেতা । এরপর থেকে বিয়ের কথা বললে সেই নারীকে তালবাহানা করে ঘুরাতে থাকে সাকিব ভূইয়া নামের এই ছাত্রলীগ নেতা।
ভুক্তভোগী ওই পোশাক শ্রমিক নারী আশুলিয়া থানায় সাকিবের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ করলে সেই অভিযোগের তদন্তের দায়িত্ব পড়ে থানার এসআই মো. ফরিদুল আলম এর ওপর। পরে অভিযুক্ত ছাত্রলীগ নেতা সাকিবের সাথে আতাত করে আড়াই লাখ টাকায় ঘটনাটি মীমাংসা করেন তিনি।এব্যাপারে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে এসআই ফরিদুল আলমকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
সূত্রঃ মানবকণ্ঠ।










