আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার কিছু শর্ত মেনে নিলে মুহূর্তের মধ্যে ইউক্রেনে হামলা বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে ক্রেমলিন। রুশ প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকভ এসব শর্তের কথাও সুনির্দিষ্টভাবে জানিয়েছেন সোমবার (৭ মার্চ) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানান ক্রেমলিনের মুখপাত্র। দিমিত্রি পেসকভ জানান, রাশিয়ার শর্তের মধ্যে রয়েছে ইউক্রেনের সামরিক পদক্ষেপ বন্ধ করা, নিরপেক্ষতা বজায় রাখতে সংবিধান সংশোধন, ক্রিমিয়াকে রাশিয়ার অঞ্চল বলে স্বীকার করে নেওয়া এবং বিদ্রোহী নিয়ন্ত্রিত দোনেস্ক এবং লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া।
এছাড়াও পেসকভ বলেন, ইউক্রেনকে অবশ্যই যেকোনো ব্লকে (ন্যাটো, ইইউ) যোগ দেওয়ার ইচ্ছা বাদ দিতে হবে। পেসকভ বলেন, ‘তাদের উচিত হবে সংবিধান সংশোধন করে এমন বিধান যোগ করা যাতে ইউক্রেন কোনও জোটে যোগ দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করবে। এটা কেবল সম্ভব সংবিধান পরিবর্তনের মাধ্যমে।’ ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযানের’ ১২তম দিন চলছে। এদিনই ইউক্রেনের কাছে নিজেদের চাহিদা স্পষ্ট করে জানালো ক্রেমলিন।
দিমিত্রি পেসকভ জানান, এসব শর্তের বিষয়ে অবগত রয়েছে ইউক্রেন। ক্রেমলিন মুখপাত্র দাবি করেন, ইউক্রেনের আর কোনও অঞ্চলে নিজেদের কর্তৃত্ব দাবি করতে যাবে না রাশিয়া। তিনি বলেন, ‘আমরা সত্যিই ইউক্রেনের নিরস্ত্রীকরণ শেষ করে এনেছি। আমরা এটা শেষ করবো। কিন্তু মূল বিষয় হলো ইউক্রেনকে সামরিক পদক্ষেপ বাদ দিতে হবে। তাদের উচিত সামরিক পদক্ষেপ বাদ দেওয়া আর তাহলে কেউ গুলি চালাবে না।’
সূত্রঃ বাংলা ভিশন।












