আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতার ইঙ্গিত চীনের। ইউক্রেনে হামলা শুরুর পর সোমবার (৭ মার্চ) এই প্রথম মধ্যস্থতা করার ইঙ্গিত দিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। শান্তি আলোচনায় গঠনমূলক ভূমিকা রাখতে আর্ন্তজাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে সম্মত চীন বলে জানান ওয়াং ই। ওয়াং বলেন, চীন-রাশিয়ার বন্ধুত্ব পাথরের মতো শক্ত। এই সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কগুলোর একটি বলেও উল্লেখ করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আর্ন্তজাতিক নাজুক পরিস্থিতির মধ্যেও চীন-রাশিয়া কৌশলগত লক্ষ্য বজায় রেখে চলবে। বেসামরিক মানুষদের নিরাপদ স্থানে সরে যেতে কিয়েভসহ ইউক্রেনের চার শহরে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। এরই মধ্যে, ইউক্রেনের বন্দরনগরী মাইকোলেইভে নতুন করে রুশ গোলাবর্ষণের অভিযোগ উঠেছে।
আর্ন্তজাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, রাশিয়া- ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের প্রায় ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া দেশটির দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১১ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
সূত্রঃ বাংলা ভিশন।












