জেলা প্রতিনিধি, ঝালকাঠি :
৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনা সম্পর্কে বর্তমান তরুণ প্রজন্মের অনেকেই জানে না। তাদের কাছে এই দিনের ইতিহাস তুলে ধরতে হবে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
শনিবার (৭ নভেম্বর) দুপুর ২টায় ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক মুহূর্তে সিপাহি-জনতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত না করলে দেশের জন্য বড় ধরনের ক্ষতি হতে পারত। এই ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। অতীতের রাজনৈতিক ঘটনাবলি ও বিভিন্ন সরকারের কর্মকাণ্ডও ইতিহাসে লিপিবদ্ধ করা উচিত।
তিনি আরও বলেন, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল ও কলেজে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি প্রতিষ্ঠানগুলো পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে সভায় বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মামুন আল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং চলমান উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। এ সময় সরকারি কার্যক্রমে সমন্বয় জোরদার, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।