জনতার খবর ক্রীড়া ডেক্সঃ
ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশাল অঙ্কের টাকা অফার করেছিল সৌদি আরবের একটি ক্লাব। সংবাদমাধ্যম সিএনএন পর্তুগাল জানিয়েছে, দুই বছরের চুক্তিতে রোনালদোকে ২১১ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ২,৩৪৩ কোটি ৯০ লাখ ৫৬ হাজার ৪৯৩ টাকা প্রায়) দিতে চেয়েছিল ক্লাবটি। তবে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ওই ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দেন।
চুক্তি অনুযায়ী সাপ্তাহিক বেতন ধরা হয়েছিল ২০ লাখ পাউন্ড। ক্লাবটিতে প্রতি সেকেন্ডেই ৩ পাউন্ড করে কামাতে পারতেন রোনালদো। সবমিলিয়ে বর্তমান সেলারির পাঁচগুণ পেতেন তিনি। যেটি তাকে ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলারে পরিণত করতো। তাছাড়া এজেন্ট ফি হিসেবে আরও ১৭ মিলিয়ন পাউন্ড দিতে চেয়েছিল ক্লাবটি। সবমিলিয়ে প্রায় ২৫৩ মিলিয়ন পাউন্ডের একটি প্যাকেজ। তবে কোন ক্লাব থেকে এমন অবিশ্বাস্য প্রস্তাব এসেছিল তা জানা যায়নি।
গত মৌসুমে জুভেন্টাস থেকে ম্যানইউতে ফেরেন রোনালদো। দুই বছরের চুক্তি থাকলেও তিনি ওল্ড ট্র্যাফোর্ড ছাড়তে চাইছেন।
রোনালদোর টার্গেট হলো চ্যাম্পিয়নস লীগে জায়গা পেয়েছে এমন ক্লাবে যাওয়া। তার এজেন্ট হোর্হে মেন্ডেস ইতোমধ্যেই চেলসি, বায়ার্ন মিউনিখ, পিএসজির মতো ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু প্রত্যেকেই মেন্ডেসকে ফিরিয়ে দিয়েছে। এসবের ভেতরেই সৌদি আরবের একটি ক্লাব থেকে লোভনীয় প্রস্তাব আসে। ক্লাবটি রোনালদোর ট্রান্সফার ফি হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২৫ মিলিয়ন পাউন্ডও দিতে রাজি ছিল। তবে সংবাদমাধ্যম ইএসপিএন দাবি করছে, পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা টাকার লোভে সৌদি আরবের ক্লাবে যাচ্ছেন না।
সূত্রঃ সংগৃহীত












