বরিশাল প্রতিনিধিঃ
ইলিশ আহরণের ২২ দিনের নিষেধাজ্ঞার ১১ দিন পেরিয়ে গেলেও এখনও সরকারী বরাদ্দের চাল পায়নি দক্ষিনাঞ্চলের অসংখ্য জেলেরা। অথচ বরিশাল বিভাগের তিন লাখ জেলে পরিবারের মধ্যে সরকারীভাবে ৯ হাজার ১৮২ টন চাল বরাদ্দ করা হলেও অনেকস্থানে তা এখনো শুরুই করা হয়নি।
এ কারণে গত ১১ দিনে পেটের দায়ে মৎস্য আহরণে নদীতে নেমে এ অঞ্চলের প্রায় সাড়ে তিনশ’ জেলের তিন মাস থেকে শুরু করে এক বছরের কারাদন্ডাদেশ নিয়ে কারাগারে ঠাঁই হয়েছে। এমনকি জরিমানার টাকা গুনতে হয়েছে আরো বিপুল সংখ্যক জেলের। নৌকা ও ট্রলারসহ বিপুল সংখ্যক বৈধ-অবৈধ জাল বাজেয়াপ্তসহ পুড়িয়ে ফেলা হয়েছে। সোমবার সকালে এসব অভিযোগ করেছেন বরিশালসহ দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি উপজেলার বেকার জেলেরা।
সূত্রমতে, মা ইলিশের নিরাপদ প্রজনন নির্বিঘœ ও ফলপ্রসু করার লক্ষ্যে চলতি মাসের ৭ অক্টোবর রাতের প্রথম প্রহর থেকে আগামী ২৮ অক্টোবর মধ্যরাত পর্যন্ত উপকূলের সাত হাজার বর্গ কিলোমিটার প্রজনন এলাকায় সবধরনের মৎস্য আহরণসহ সারাদেশে ইলিশ আহরন, পরিবহন ও বিপনন নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সময়ে তালিকাভূক্ত প্রত্যেক জেলে পরিবারের জন্য ২৫ কেজি করে চাল বিতরণের জন্য বরাদ্দ করে সরকার। এরমধ্যে শুধু বরিশাল বিভাগেই ৩ লাখ ৬ হাজার ১২০ জন জেলে পরিবারের জন্য বরাদ্দ রাখা হয় ৯ হাজার ১৮৪ টন চাল।
সূত্রে আরও জানা গেছে, গত ৪ অক্টোবর মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের মৎস্য শাখা-২ থেকে এসব চালের বরাদ্দ পত্র প্রেরণ করার ১১ দিন পরেও দক্ষিণাঞ্চলের অনেক উপজেলাতে এখনো চাল বিতরণ করা শুরু হয়নি। তবে বরিশাল বিভাগীয় মৎস্য দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, চালের বরাদ্দ হলেও জেলা প্রশাসন থেকে উপজেলা হয়ে ইউনিয়ন পর্যন্ত সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে জেলেদের কাছে পৌঁছতে কম করে হলেও এক সপ্তাহ সময় লাগে। তবে নিষেধাজ্ঞা কার্যকরের ১১ দিন পরেও জেলেদের কাছে চাল না পৌঁছার বিষয়টি খুঁজে যত দ্রæত সম্ভব তা বিতরণের ব্যবস্থা করা হবে বলেও সূত্রটি নিশ্চিত করেছেন।
সোমবার সকালে বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের নিবন্ধিত জেলে ইউনুস মাঝি নিষেধাজ্ঞার ১১ দিন পরেও সরকারী চাল না পাবার কথা জানিয়ে পরিবার নিয়ে চরম মানবেতর জীবন-যাপনের কথা বলেছেন। একই ইউনিয়নের ফোরকান গাজী বলেন, যখন ইলিশ ধরা বন্ধ থাকে তখন আপনারা এসে জিজ্ঞাসা করেন মাছ ধরি কেন। কিন্তু অবরোধ দেওয়ার আগে সরকার যে চাল বরাদ্দ দিয়েছে তা পাইছি কিনা কেউতো তা খোঁজ করেন না।
তিনি আরো বলেন, দেনার শেষ নেই, ঘরে খাবার যা আছিলো সবশেষ, এখন খাবো কি। ১১দিন পার হয়ে গেলেও সরকারী কোন সহযোগীতা এখনও পাইনি।
চাল না পাওয়ার ব্যাপারে সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুর হোসেন মামুন বলেন, জেলেদের জন্য বরাদ্দের চালের চিঠি আমাদের হাতে এসেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২/৩দিনের মধ্যেই বিতরণ শুরু হবে।
বরিশাল জেলা মৎস্য দফতরের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, জেলার দশটি উপজেলায় মোট ৭৫ হাজার নিবন্ধিত জেলের মধ্যে ৫১ হাজার ৭শ’ জনের জন্য চাল বরাদ্দ হয়েছে। তবে নিষেধাজ্ঞার ১১ দিন পার হলেও এখনও জেলার সকল উপজেলায় সে চাল বিতরণ শুরু হয়নি। এরমধ্যে বাকেরগঞ্জ, হিজলা ও মুলাদী উপজেলায় ইতোমধ্যে চাল বিতরণ শুরু হয়েছে।










