খেলা ডেস্কঃ কাতার বিশ্বকাপের বাকি মাত্র চার মাস। এটি হতে যাচ্ছে ২২তম বিশ্বকাপ। ২০২২ সালের কাতার বিশ্বকাপকে ঘিরেই এখন যতো আলোচনা। আর আগেই নিশ্চিত হয়েছে, প্রথমবারের মতো তিন দেশ সম্মিলিতভাবে (যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো) হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ। তবে এরই মাঝে ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের জন্য উঠে পরে লেগেছে পর্তুগাল ও স্পেন। এরই মধ্যে বিশ্বকাপের জন্য ১৫টি স্টেডিয়ামের নাম ঘোষণা করেছে স্পেন।
২০৩০ সালের বিশ্বকাপ হবে ফিফার ২৪তম আসর। পাশাপাশি এটি হবে বিশ্বকাপের ১০০ বছরপূর্তি, যা ১৯৩০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিল। এমন এক ঐতিহাসিক বিশ্বকাপ আয়োজনের জন্য ব্যস্ত হয়ে পড়েছে ইউরোপের দুই দেশ পর্তুগাল ও স্পেন।
পর্তুগালের সঙ্গে যৌথভাবে স্পেন বিশ্বকাপ আয়োজনে এতোটাই ব্যস্ত যে, ২০৩০ বিশ্বকাপের ৮ বছর আগেই স্টেডিয়ামের নামও ঘোষণা করেছে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ভ্যালেন্সিয়ার ঘরের মাঠের সঙ্গে রাখা হয়েছে আরও ১২টি স্টেডিয়ামের নাম।
স্টেডিয়ামগুলোর মধ্যে রয়েছে, বার্সেলোনার ন্যু ক্যাম্প ও আরসিডিই স্টেডিয়াম, মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু ও মেট্রোপলিটানো, ভ্যালেন্সিয়ার নুয়েভো মেস্টালা ও বিলবাওয়ের মান মেমেস এর মধ্যে অন্যতম। এছাড়ও সেল্টা ভিগোর বালায়িডস, ডিপোর্তিভো লা করুনার রিয়াজোর, গিওনের এল মোলিনো-এনরিকে কাস্ত্রো ও সান সেবাস্টিয়ানের আনোয়েতা তালিকায় এগিয়ে রয়েছে। সংক্ষিপ্ত তালিকায় আরো রয়েছে জারাগোজার লা রোমারেডা, মুরকাসের নুয়েভা কোনডোমিনা, সেভিয়ান এস্তাদিও লা কারতুয়া, মালাগার এস্তাদিও লা রোনালেডা ও লাস পালমাসের এস্তাদিও গ্রান কানারিয়া।
আরএফইএফ, স্প্যানিশ সরকারের প্রতিনিধি ও বিভিন্ন শহর, স্টেডিয়াম ও ক্লাবের প্রতিনিধিদের মধ্যে আলোচনার পরই এই ভেন্যুগুলোর নাম চূড়ান্ত করা হয়েছে। ধারনা করা হচ্ছে, চূড়ান্ত বিডে স্পেনের পক্ষ থেকে ভেন্যুর সংখ্যা কমিয়ে ১১টি করা হবে। তার আগে আগামী নভেম্বর পর্যন্ত স্টেডিয়ামগুলো সম্ভাব্যতা যাচাই বাছাই করা হবে। চূড়ান্ত নাম ঘোষনার জন্য কোন ডেডলাইন জানানো হয়নি।
এদিকে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস বলেছেন, ‘আগামী কয়েক বছরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে স্পেনের সামনে বিশ্বকাপ আয়োজনের বিড অপেক্ষা করছে।’ এর আগে ১৯৮২ সালে স্পেন বিশ্বকাপ আয়োজন করেছিলো। সূত্রঃ সময় টিভি।












