বিচার বিভাগে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের আয়ের হিসাব আগামী ১০ দিনের মধ্যে জমা দিতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (১৪ আগস্ট) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এসময় আইন উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় ২০২৪ এর গণহত্যার বিচার করা সম্ভব। জাতিসঙ্ঘের তদন্ত টিম এ কাজে সহায়তা করবে বলে জানান তিনি।
ড. আসিফ নজরুল বলেন, নির্বাচন কমিশন সংস্কার ও আইন সংশোধন করা হবে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করবে অন্তর্বর্তীকালীন সরকার।
তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা শহরে যত মিথ্যা এবং প্রতারণামূলক মামলা হয়েছে, বৃহস্পতিবারের মধ্যে তা প্রত্যাহার হবে। ৩১ আগস্ট এর মধ্যে সারাদেশের এ ধরনের মামলা প্রত্যাহার করা হবে জানান আইন উপদেষ্টা।












