ঝালকাঠি প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি বলেছেন, বাংলাদেশে হোমিওপ্যাথিক চিকিৎসা একটি বুনিয়াদি চিকিৎসা ব্যবস্থা এবং এই চিকিৎসা এদেশের মানুষের জন্য উপযোগী কারণ হোমিওপ্যাথিক স্বল্প খরচে চিকিৎসা সেবা পাওয়া যায়।
বর্তমান সরকার এলোপ্যাথিক চিকিৎসার পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসাকে সমান গুরুত্ব দিয়ে কাজ করছে। এই চিকিৎসায় খরচ কম হওয়ায় মানুষের আগ্রহ বেশি এবং এই চিকিৎসায় কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
তিনি আজ বুধবার সকাল সাড়ে ১১ টায় ঝালকাঠিতে ফিরোজা আমির হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্ভোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।
৪৯ লাখ ৭২ হাজার টাকা ব্যয়ে এই প্রতিষ্ঠানটি নির্মাণ করা হয়েছে। ২০২০ সালের ২৫ ফেব্রæয়ারী এর কাজ শুরু হয়েছিল। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়ন করেছে। ২ হাজার বর্গ ফুট আয়তনের ৪তলা বিশিষ্ট ভবনের ১ম তলা নির্মাণ করা হয়েছে।
উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা প্রশাসক ও এই প্রতিষ্ঠানের সভাপতি ফারাহ গুল নিঝুম। বিশেষ অতিথি ছিলেন হোমিওপ্যাথিক বোর্ড এর চেয়ারম্যান দিলীপ কুমার রায়, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান।
অন্যদের মধ্যে কলেজের শিক্ষক ডাঃ সিফাত, কলেজের অধ্যক্ষ মাখম লাল হালদার ও মেডিকেল বোর্ডের রেজিষ্টার জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন।










