বরিশাল প্রতিনিধিঃ
জেলার মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ঢুকে পৌর কাউন্সিলরের নেতৃত্বে চারজন ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গুরুত্বর আহতদের রবিবার দিবাগত রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলো, ছাত্রলীগ কর্মী মেহেদী হাসান, রিমান ইসলাম, আব্দুল্লাহ ও মেহেদী হাসান জিহাদ। তারা সবাই পৌর মেয়র কামাল খানের অনুসারী। সোমবার সকালে শেবাচিমে চিকিৎসাধীন ছাত্রলীগ কর্মী আব্দুল্লাহ জানায়, স্থানীয় সংসদ সদস্যর অনুসারী পৌর কাউন্সিলর সোহেল মোল্লার নেতৃত্বে ২০/২৫ জনে রবিবার বিকেলে ধারালো দা ও লোহার পাইপ নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে আমাদের চারজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।
মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র কামাল খান বলেন, প্রথমে রিমানকে আটক করে মারধর করা হয়। তাকে (রিমান) তার বন্ধুরা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে। পরবর্তীতে হামলাকারীরা হাসপাতালে প্রবেশ করে দ্বিতীয় দফায় হামলা চালায়। তিনি আরও বলেন, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথের হয়ে ছাত্রলীগের রাজনীতি না করায় এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কাউন্সিলর সোহেল মোল্লা হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, যারা অভিযোগ করেছেন তারা সকলেই ছাত্রদলের নেতাকর্মী। পৌর মেয়রের ছেলের সাথে চলাফেলা করায় তারা এখন ছাত্রলীগের তকমা লাগিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইয়্যেদ মোঃ আমরুল্লাহ বলেন, হাসপাতালে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি। মেহেন্দীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে থানা পুলিশ হাসপাতালে পৌঁছার আগেই হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।










