বরিশাল প্রতিনিধিঃ
বিধবার জমি দখল করে বসত ঘর নির্মান চেষ্টার অভিযোগে হাইকোর্টের এক কর্মকর্তার বিরুদ্ধে সুপ্রীম কোর্টের রেজিষ্ট্রার জেনারেল এবং রেজিষ্ট্রারের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে নগরীর একটি পত্রিকা অফিসে বসে এ তথ্য জানিয়েছেন পটুয়াখালীর বাউফলের মদনপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আবুল হোসেনের স্ত্রী রাবেয়া বেগম। অভিযুক্ত হাসান গাজী সুপ্রীমকোটের্র হাইকোর্ট বিভাগের সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত রয়েছেন। তার বাড়িও বাউফলের মদনপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত হাসান গাজী হাইকোর্টের চাকরি করার সুবাদে ক্ষমতার প্রভাব খাটিয়ে বিধবা রাবেয়া বেগমের জমি দখল করে বসত ঘর নির্মানের চেষ্টা করেন।
কোন উপায় না পেয়ে বিধবা আইনের আশ্রয় নিয়ে পটুয়াখালীর সহকারী জজ আদালতে একটি বন্টন মামলা দায়ের করেন। যা এখনো চলমান রয়েছে এবং আদালতের বিচারক ওই জমির ওপর আদালতের স্থিতিবস্থা জারি করেন। কিন্তু হাসান গাজী ও তার বাবা মোতালেব গাজী তা না মেনে ওই জমিতে ঘর তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।










