জনতার খবর ডেস্কঃ হজ প্যাকেজ ঘোষণা করল ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। বুধবার দুপুরে রাজধানীর সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বছরের হজ প্যাকেজ নিয়ে এ ঘোষণা দেন তিনি।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭শে জুন ২০২৩ তারিখে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সে উপলক্ষে এ বছর হজযাত্রীর কোটা ১ লক্ষ ২৭ হাজার ১৯৮ জন নির্ধারিত হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী।
মন্ত্রী বলেন, ’এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লক্ষ ১২ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালন করতে পারবেন। এ বছর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদি আরবে গমনকারী ১০০% হজযাত্রীর প্রি-এরাইভাল ইমিগ্রেশন ‘মক্কা রোড চুক্তি’ অনুযায়ী উক্ত বিমানবন্দরেই অনুষ্ঠিত হবে। সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য ৬,৮৩,০১৮.০০ (ছয় লক্ষ তিরাশি হাজার আঠার) টাকা নির্ধারণ করা হয়।’
উল্লেখ্য, মিনার তাঁবুর সি ক্যাটাগরির মূল্য অনুসারে সরকারি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। মিনার তাঁবুর অবস্থান সংক্রান্ত ক্যাটাগরি গ্রহণের ভিত্তিতে, বেসরকারি এজেন্সিসমূহ সরকারি প্যাকেজের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজ নিজ হজ প্যাকেজ ঘোষণা করবে। তাঁবুর অবস্থান ব্যতীত অন্যান্য সুযোগ-সুবিধা সরকারি ব্যবস্থাপনার প্যাকেজের ন্যায় নিশ্চিত করতে হবে বলেও জানান মন্ত্রী।












