কাঠালিয়া প্রতিনিধিঃ
সারাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠির কাঠালিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল।
আজ বুধবার বিকাল ৪.৩০ মিনিটের সময় বাসস্ট্যান্ডের বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহর ঘুরে কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে বক্তব্য রাখেন কাঠালিয়া উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বোরখা পড়ে রাস্তায় নেমে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। সারাদেশে নৈরাজ্য চালিয়ে আগুন সন্ত্রাস শুরু করেছে তারা।
আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীকে চিরুনী অভিযান চালিয়ে গ্রেপ্তারের দাবি জানান। ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে থেকে নিষিদ্ধ সংগঠনের যাকে পাবে, তাকে ধরে পুলিশের হাতে সোপর্দ করার আহ্বান জানান বক্তারা।