খেলা ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিপরিতে দুই ম্যাচ টেস্ট সিরিজ শুরুর আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচে আজ ১০ জুন রাত ৮ টায় মাঠে নামবে বাংলাদেশ। অ্যান্টিগার কুলরিজ ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে ম্যাচটিতে অধিনায়ককে পাচ্ছে না টিম টাইগার্স। চার ভাগে বিভক্ত হয়ে বাংলাদেশ দল এরই মধ্যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পাড়ি জমালেও এখনো ছুটিতে আছেন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। এই মুহূর্তে সাকিব আছেন যুক্তরাষ্ট্রে। জানা গেছে, পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ১২ই জুন দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
প্রায় তিন বছর পর অধিনায়কত্বে ফিরে প্রস্তুতি ম্যাচ না খেলেই মূল লড়াইয়ে নেতৃত্ব দেবেন সাকিব। বিসিবির একটি সূত্র থেকে জানা গেছে বোর্ডপ্রধান নাজমুল হাসান পাপনের কাছ থেকে আগেই ছুটি নিয়ে রেখেছিলেন সাকিব।
টেস্ট সিরিজের দুই ম্যাচ হবে ১৬ ও ২৪শে জুন। টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এরপর আগামী ২রা জুলাই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ হবে ৩ ও ৭ই জুলাই। বাংলাদেশ দল সফর শেষ করবে ১০, ১৩ ও ১৬ই জুলাই তিনটি ওয়ানডে ম্যাচ খেলে।
সূত্রঃ মানবজমিন।












