যশোর প্রতিনিধিঃ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগে ২০২০-২১ সেশনে ভর্তি হয়েছেন সেই নিপুন বিশ্বাস। বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তার সকল ভর্তি কার্যক্রম শেষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে ভর্তির জন্য নিপুন বিশ্বাসের বাবা প্রেমানন্দ বিশ্বাস সুদের ওপর ৩০ হাজার টাকা নিয়েছিলেন। সুদের ওপর নেওয়া সেই টাকা পরিশোধের জন্য প্রেমানন্দকে নগদ টাকা দিয়েছেন নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
বুধবার সন্ধ্যায় শহরের শহীদ আলী হোসেন সড়কে অবস্থিত সংসদ সদস্যের বাড়িতে প্রেমানন্দের হাতে টাকা তুলে দেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান। প্রেমানন্দ বিশ্বাস জানান, ছেলেকে ভর্তির আগে ৩০ হাজার টাকা সুদের ওপর নেই। সেই টাকা ছেলের হাতে দেই। ওই টাকা দিয়ে খরচ শুরু করে তিনি। বিষয়টি জানতে পেয়ে সংসদ সদস্য নুর ভাই নগদ টাকা দিয়েছেন আমাকে। আমি কৃতজ্ঞ তার প্রতি।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান জানান, আমাদের অবিভাবক প্রিয় নূর ভাই বিষয়টি জেনে তাৎক্ষণিকভাবে উদ্যোগ নেন। যার অংশ হিসেবে নিপুনের বাবার হাতে নগদ টাকা তুলে দেওয়া হয় এমপি মহোদয়ের বাসায়। এছাড়া নিপুনের পাশে থাকবেন নুর ভাই এটিও জানানো হয়েছে প্রেমানন্দ বিশ্বাসকে।
প্রসঙ্গত, নিপুণ বিশ্বাসের বাড়ি নীলফামারীর সদর উপজেলার লক্ষ্মীচাপে। তার বাবা প্রেমানন্দ বিশ্বাস পেশায় নরসুন্দর (নাপিত)। মা দীপালী বিশ্বাস গৃহিণী। দুই ভাইয়ের মধ্যে বড় নিপুণ। ছোটবেলা থেকে আর্থিক অনটনের শত বাধা পেরিয়ে নীলফামারীর মশিয়ুর রহমান কলেজ থেকে এইচএসসি পাস করেন মেধাবী নিপুণ। আর ছোট ভাই এবার স্থানীয় একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দেবে।










