মোঃ শাকিল আহমেদ, বামনা, বরগুনা প্রতিনিধি।
বাংলানিউজের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিমকে নৃশংস ভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বরগুনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ জুন) সকাল ১০টার দিকে বরগুনা প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনসহ সুশীল সমাজের নেতারা অংশ নেন।
বরগুনা প্রেসক্লাবের আয়োজনে ও জেলার ৬ সাংবাদিক সংগঠনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিক সংগঠন গুলো হলো- বরগুনা জেলা রিপোর্টার্স ইউনিটি, বরগুনা জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরাম, বরগুনা জেলা অনলাইন সাংবাদিক ফোরাম, বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরগুনা জেলা শাখা।
মানববন্ধনে বক্তব্য দেন- বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব কুমার দাস, লোকবেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল, বরগুনা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মালেক মিঠু, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জয়দেব রায়, জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম টিটু মোল্লা, জেলা অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সুমন শিকদার, বাংলানিউজের পাথরঘাটা উপজেলা করেসপন্ডেন্ট শফিকুল ইসলাম খোকন সহ অনেকে।
মানববন্ধনে সাংবাদিক নেতারা সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য দাবি জানিয়েছেন।










