বরিশাল প্রতিনিধিঃ
শেবাচিম হাসপাতালে চিকিৎসা অবহেলার কারণে রোগীর মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। মঙ্গলবার দিবাগত রাতে হাসপাতালের মেডিসিন-৩ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা রিজিয়া বেগম (৬০) মাদারীপুরের কালকিনি উপজেলার পাঙ্গাশিয়া গ্রামে মো. হান্নানের স্ত্রী।
বুধবার সকালে মৃত রোগীর মেয়ে রোজি বেগম জানান, ঠান্ডাজনিতরোগে আক্রান্ত হওয়ার পর তার মা রিজিয়া বেগমকে দুইদিন আগে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। রোজি অভিযোগ করেন, চিকিৎসকদের অবহেলার কারণে মঙ্গলবার দিবাগত রাতে তার মায়ের মৃত্যু হয়েছে। চিকিৎসকদের অবহেলার প্রতিবাদ করায় তারা (চিকিৎসক) তাদের উপর চড়াও হয়েছিলেন। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করেন।
হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মিরাজ হোসেন জানান, রোগীর মৃত্যুর পর স্বজনরা একটু উত্তেজিত হয়ে উঠেছিলো। খবর পেয়ে তারা গিয়ে পরিস্থিতি শান্ত করেছেন। শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম বলেন, একটু সমস্যা হয়েছিলো। যা পরবর্তীতে সমাধান হয়েছে।










