শরীয়াতপুর প্রতিনিধিঃ শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাইকে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ২১ অক্টোবর বৃহস্পতিবার ডাকযোগে আসা দুইটি চিঠিতে এই হুমকি দেওয়া হয়। এ ঘটনায় শরীয়তপুর সদরের পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পালং মডেল থানার ওসি মো. আক্তার হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে ডাকযোগে হত্যার হুমকি দিয়ে ইউএনও’র কাছে দু’টি চিঠি পাঠানো হয়। তবে কে বা কারা চিঠি পাঠিয়েছে, তা উল্লেখ নেই। ওসি আক্তার হোসেন বলেন, চিঠির কপি আমাদের কাছে রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি জিডি করেছেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। মনদীপ ঘরাই গত বছরের ৭ ডিসেম্বর শরীয়তপুর সদরের ইউএনও হিসেবে যোগদান করেন। এই বিষয়ে যোগাযোগ করা হলে হত্যার হুমকি দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন ইউএনও।










