মেহেন্দীগঞ্জ প্রতিনিধিঃ
লঞ্চ ও পলটুনের মাঝে চাঁপা পরে রিনা আক্তার (২৯) নামের এক গৃহবধূর পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।
মুমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুরে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর আগে ঘটনাটি ঘটেছে জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া কালীগঞ্জ লঞ্চঘাটে।
মেহেন্দীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, রবিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে লঞ্চ ও পল্টুনের মাঝে চাঁপা পরে পা প্রায় বিচ্ছিন হওয়ার রিনা আক্তারকে প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুরে রিনা আক্তারকে ঢাকায় প্রেরণ করা হয়। রিনা আক্তার মেহেন্দীগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া এলাকার মৃত কামাল রাঢ়ীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আরও জানান, রাত সাড়ে নয়টার দিকে ঢাকাগামী এমভি ফারহান-৪ লঞ্চটি পল্টুনে ভিড়লে এতে ওঠার জন্য পল্টুনে অপেক্ষারত যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। এ সময় লঞ্চ ও পল্টুনের মাঝে চাঁপা পরে রিনা আক্তারের বাম পা হাঁটুর নিচ থেকে প্রায় আলাদা হয়ে যায়।
এ ঘটনা দেখে পল্টুনে থাকা তিন যাত্রী জ্ঞান হারিয়ে ফেলেন। সূত্রমতে, আহত রিনা আক্তার তার মা ফাতেমা বেগমকে ঢাকাগামী লঞ্চে উঠিয়ে দিতে লঞ্চঘাটে গিয়েছিলেন। এমভি ফারহান-৪ লঞ্চটি ঘাটে ভিড়লে রিনা আক্তার তার মা ফাতেমা বেগমকে নিয়ে লঞ্চে উঠছিলেন। এসময় লঞ্চ ও পল্টুনের মাঝে চাঁপা পরে রিনার বাম পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।










