ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চুর বাড়িতে ডাকাতির হয়েছে। গতরাতে উপজেলা সদরের বাইপাস মোড় সংলগ্ন এলাকায় ডাকাতির এ ঘটনা ঘটে। এ সময় সাবেক চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু ঢাকায় ছিলেন। ডাকাতরা তাঁর স্ত্রী স্কুল শিক্ষিকা মাহামুদা খানমকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ বিপুল পরিমান স্বর্নালংকার ও মূল্যবান জিনিসপত্র লুটে নেয়।
পুলিশ জানায়, রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরিবারের লোকজন। রাত আনুমানিক পৌঁনে দুই টার দিকে ঘরের জনালা ভেঙে ডাকাত দল ঘরের ভেতরে প্রবেশ করে। তাঁরা দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষিকা মাহমুদা খানমকে জিম্মি করে হত্যার হুমকি দেয়।
এ সময় ডাকাত দল তাঁর হাত পা ও মুখ বেধে ফেলে মারধর করে। ডাকাতরা বাসায় থাকা নগদ ৫০ হাজার টাকা, ১৭ ভরি স্বর্ণ অলংকার ও মূল্যবান কয়েকটি ঘড়িসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যায়। ডাকাতির খবর পেয়ে ঝালকাঠির সিনিয়র সহকারি পুলিশ সুপার (রাজাপুর-কাঁঠালিয়া সার্কেল) মো. মাসুদ রানাসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থান পরিদর্শন করেছেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, ডাকাতির ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।










