রাজাপুর প্রতিনিধিঃ
শিক্ষকের আপত্তিকর অবস্থায় আটকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় ঝালকাঠির রাজাপুরের এক দিনমজুরের বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। হামলায় দুই নারীসহ ৪ জন আহত হয়েছে। শনিবার রাতে উপজেলার আদাখেলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহতরা জানায়, প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের সহকারি শিক্ষক ফারুক সিকদারকে গত ৩ সেপ্টেম্বর রাত ১০ টার দিকে এক নারীর সাথে আদাখোলা গ্রামের প্রতিবেশীর ঘরে আপত্তিকর অবস্থায় স্থানীয় লোকজন আটক করে। ঘটনা শুনে স্থানীয় মো. মাসুম ঘটনাস্থলে যায়। এ সময় আটকের ঘটনার অনেকেই ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনার জের ধরে মাসুমকে দোষারোপ করে শিক্ষক ফারুক সিকদার মারধর করে।
মাসুম রক্ষায় এগিয়ে এলে তাঁর মা মাসুদা বেগম ও বাবা দিনমজুর আবকর সিকদার, ফুপু মেলো বেগম ও ফুপা ইদ্রিস আলীকেও মারধর করে। হামলায় মাকসুদার হাত ভেঙে যায়। এরপর ফারুক ও দুলাল তাদের দলবল নিয়ে আকবরের বসতঘর ভাঙচুর করে ৯০ হাজার টাকা, সোনার গহনা লুটে নেয় এবং নারীদের শারিরীক নির্যাতন ও শ্লীলতাহানি ঘটনায় বলে অভিযোগ করেন আহতরা।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক ফারুক সিকদার ও তাঁর ভাই দুলাল সিকদার অভিযোগ অস্বীকার করে জানান, তারা বাড়িতে না থাকায় স্থানীয় কয়েকজন মাদকসেবী মাদক ও জুয়ার আড্ডা দেয়। এ ঘটনা জানতে চাইলে প্রতিপক্ষের লোকজন তাদের মারধর করে। স্থানীয় একটি চক্র তার নামে অপপ্রচার চালাচ্ছে বলেও তারা অভিযোগ করেন।
রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, অভিযোগ পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।










