রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে গভীর নলকূপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান পেয়েছে খননকারী শ্রমিকরা। নলকূপের নয়শত ষাট ফুট পাইপ বসানোর পরে অনবরত সে পাইপ দিয়ে গ্যাস বেড় হয়ে আসছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর টিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অনবরত গ্যাস বের হওয়ায় সেখানের সকল কাজ বন্ধ করে দেন এবং লোকজনকে দুরে সরে থাকার নির্দেশ দেন।
আজ ৯ এপ্রিল রোববার সকালে রাজাপুর উপজেলার শুক্তাগড় গ্রামে পল্লী বিদ্যুতের পাওয়ার স্টেশন সংলগ্ন মোঃ মোফাজ্জেল হাওলাদারের নির্মানাধীন বাড়িতে এ গ্যাসের সন্ধান পাওয়া যায়। বিষয়টি মুহুর্তের মধ্যে ওই এলাকায় ছড়িয়ে পরলে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়।
বাড়ির মালিক মো. মোফাজ্জেল হাওলাদার বলেন, নলকূপে বসানোর এক পর্যায়ে নয়শত ষাট ফুট মাটির নিচে পাইপ যাওয়ার পর সেখান থেকে প্রায় ৪ ঘন্টা যাবৎ অনবরত প্রাকৃতিক গ্যাস বের হয়ে আসছে।










