বরিশাল প্রতিনিধিঃ
আধুনিক সাজসজ্জা, নির্মাণশৈলি ও প্রযুক্তির ব্যবহার। আছে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। হৃদরোগে আক্রান্তদের জন্য রয়েছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ)। ওঠানামার জন্য আছে আধুনিক লিফট। নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা, শিশুদের জন্য বিনোদন স্পেস, রয়েছে ফুডকোর্ট, ফার্মেসি, আধুনিক অগ্নিনির্বাপক এবং উন্মুক্ত ওয়াই-ফাইয়ের ব্যবস্থা। নিরাপত্তায় দায়িত্বে নিয়োজিত রয়েছে সশস্ত্র আনসার বাহীনি। আর এসব আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে ঢাকা-বরিশাল নৌরুটে যুক্ত হওয়া নতুন যাত্রীবাহী লঞ্চ এমভি সুন্দরবন-১৬। সমুদ্রগামী বড় জাহাজের আদলে তৈরি লঞ্চটিতে যাত্রীদের আকৃষ্ট করতে রাখা হয়েছে আরো অত্যাধুনিক সব ব্যবস্থা।
যাত্রীবাহী এই লঞ্চটিতে রয়েছে আধুনিক জিপিএস সিস্টেম। এর ফলে ক্যাপ্টেন সবকিছু বিবেচনা করে লঞ্চটিকে নিরাপদ গন্তব্যে নিয়ে যেতে পারবেন। লঞ্চটি চলবে হাইড্রলিক পদ্ধতিতে। এর রাডার ব্যবস্থা কুয়াশার মধ্যেও লঞ্চটিকে নিরাপদে চলতে সাহায্য করবে। বরিশাল-ঢাকা নৌপথে চালু হতে যাচ্ছে এই আধুনিক ও বিলাসবহুল চারতলা লঞ্চ। লঞ্চটি নির্মাণ করেছেন দেশের অন্যতম নৌযান প্রস্ততকারী প্রতিষ্ঠান সুন্দরবন নেভিগেশন কোম্পানী। এটি ছাড়াও ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন নৌ-পথে এই কোম্পানী আরো ৯ টি লঞ্চ চলাচল করছে। তবে সুন্দরবন-১৬ লঞ্চটির আধুনিক সাজসজ্জা, নির্মাণশৈলি ও প্রযুক্তি অন্য লঞ্চগুলোকে হার মানাবে বলে দাবি করেছে মালিকপক্ষ। সুন্দরবন-১৬ লঞ্চটি প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) লঞ্চটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
প্রায় পাঁচ বছর আগে বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরে বেলতলা ফেরিঘাট এলাকায় সুন্দরবন নেভিগেশন ডক ইয়ার্ডে নির্মাণ শুরু হয়। বিশেষজ্ঞ নৌ স্থপতির নকশায় ও সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্যানেল প্রকৌশলীদের নিবিড় তত্ত¡াবধানে নির্মাণ কাজ চলছিল। কিন্তু করোনাসহ বিভিন্ন সমস্যার কারণে প্রায় দুই বছর নির্মাণকাজ বন্ধ থেকে। তারপর টানা দুই বছর শতাধিক শ্রমিক নিরলস পরিশ্রম করে সুন্দরবন-১৬ লঞ্চের নির্মাণ কাজ শেষ করেছেন।
লঞ্চটির নিচতলার ডেকের অংশকে নিরাপদ করতে কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে। যাতে কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলেও পুরো লোয়ার ডেকে পানি প্রবেশ না করতে পারে। এতে ক্ষতিগ্রস্ত অংশে পানি প্রবেশ করলেও লঞ্চটি ভেসে থাকতে পারবে। এছাড়া, ডেক থেকে শুরু করে প্রতি তলার ভেতরের নকশায় আনা হয়েছে নতুনত্ব। যদিও বাইরে থেকে লঞ্চটি দেখতে বরিশাল-ঢাকা রুটে চলাচলকারী এমভি-সুন্দরবন ১০ ও ১৪ এর মতোই। বড় আকারের প্রপেলার দিয়ে লঞ্চটিকে চালনা করে এগিয়ে নিয়ে যেতে ব্যবহার করা হচ্ছে জাপানের বিখ্যাত ডিইজাটসুর ইঞ্চিন। আর আনুমানিক সাত হাজারের মতো আলোকবাতিসহ কয়েকশ ফ্যান ও এসি চালনার জন্য বেশ কয়েকটি জেনারেটর ইঞ্জিনও থাকছে লঞ্চটিতে।
লঞ্চের ২য়, ৩য় এবং ৪র্থ তলায় ১৮৭টি প্রথম শ্রেণির কক্ষ (কেবিন) রয়েছে। এর মধ্যে ছয়টি ভিআইপি, আটটি সেমি ভিআইপি, পাঁচটি এক্সএল, পাঁচটি ফ্যামিলি, ৯৫টি সিঙ্গেল এবং ৬৫টি ডাবল কেবিন রয়েছে। লঞ্চের প্রতিটি কেবিন দৃষ্টিনন্দন আসবাবপত্র দিয়ে সাজানো হয়েছে। প্রথম শ্রেণি ও ভিআইপি কক্ষসহ ডেক যাত্রীদের জন্য পর্যাপ্ত আলো ও বাতাস নিশ্চিতকরণে রয়েছে তিনটি জেনারেটর।
সুন্দরবন-১৬ লঞ্চের ব্যবস্থাপনা পরিচালক শহিদুর রহমান পিন্টু বলছেন, জাপানের একটি কম্পানির তৈরি এক হাজার ২০০ অশ্বশক্তির দুটি মূল ইঞ্জিন রয়েছে। সুন্দরবন-১৬ লঞ্চ পরিচালনার জন্য মাস্টার অফিসার ও ইঞ্জিন অফিসার ছাড়াও মোট ৫০ জন বিভিন্ন শ্রেণির কর্মী থাকছেন। তবে অত্যাধুনিক এ নৌযানটির সব শ্রেণির যাত্রী ভাড়া অন্যসব নৌযানের মতোই থাকছে। আগামী ২০ নভেম্বরের মধ্যে এটি যাত্রী পরিবহন করবে।
সুন্দরবন নেভিগেশন কোম্পানীর চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু বলেন, আগের লঞ্চগুলোর চেয়ে এটা আলাদা। আগে ডেকের যাত্রীদের বিষয়টি মাথায় রেখে লঞ্চ নির্মাণ করা হতো। পদ্মাসেতু উদ্বোধনের ফলে ডেকের যাত্রী কমেছে। কিন্তু প্রথম শ্রেণির যাত্রী কমেনি। মূলত, প্রথম শ্রেণির যাত্রীদের কথা মাথায় রেখে কেবিন বাড়ানো হয়েছে। নতুন নতুন প্রযুক্তি সংযোজন করা হয়েছে। যাতে করে এক শ্রেণির যাত্রী সবসময় লঞ্চে যাতায়াত করেন। লঞ্চ আরো রাতে ছাড়া যায় কিনা সেটা নিয়েও ভাবা হচ্ছে।










