জনতার খবর ডেস্ক: ভায়াডাক্টের ওপর মেট্রোরেল চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে উত্তরার দিয়াবাড়ি ডিপো এলাকার কোচ আনলোডিং এলাকায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরীক্ষামূলক যাত্রার উদ্বোধন করেন।
এসময় ঢাকা ম্যাস র্যাপিড কোম্পানি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এন এম সিদ্দিক, বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের প্রতিনিধি, জাইকা’র বাংলাদেশ অফিস প্রধান ও মেট্রোরেলের পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তা উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেল তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট। আগামী বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল প্রকল্পের উদ্বোধন করবেন। মেট্রোরেল প্রজেক্ট ম্যানেজার (সিপি-৮) এবিএম আরিফুর রহমান জানান, প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত মেট্রোরেল চালানো হয়েছে। উত্তরা দিয়াবাড়ি ডিপো থেকে পল্লবী স্টেশন পর্যন্ত নিরাপদে মেট্রোরেল চালানো হয়। এসময় কোনো ধরনের সমস্যা হয়নি। মেট্রোরেল চালানোর সময় পরপর স্টেশনগুলোতে ট্রেন থামানো হয় এবং সবকিছু ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ করা হয়েছে।










