বরিশাল প্রতিনিধিঃ
মেঘনা নদীর জেলার হিজলা উপজেলার আলীগঞ্জ এলাকায় বালুবাহী কার্গোতে ডাকাতির চেষ্টাকালে পাঁচ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ট্রলার, ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা থানার ওসি মো. ইউনুস মিঞা জানান, গ্রেফতারকৃতরা হলো-হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের মৃত মান্নান মাঝির ছেলে রতন মাঝি (৪০), মৃত হোসেন আলী বেপারীর ছেলে আবুল হোসেন (৫০), বাদল চৌকিদারের ছেলে সোহেল চৌকিদার (২১), আবুল হোসেন হাওলাদারের ছেলে সবুজ হাওলাদার (২৪) ও আনোয়ার মোল্লার ছেলে সজিব ওরফে সাকিব মোল্লা (১৯)।
ওসি আরও জানান, ডাকাতির চেষ্টাকালে ৯৯৯ নাম্বারের ফোন পেয়ে নৌ-পুলিশের সদস্যরা এলাকাবাসীকে নিয়ে নদী থেকে পাঁচ ডাকাতকে গ্রেফতার করে। এসময় আরো ৯/১০ জন ডাকাত সদস্যরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সূত্রমতে, এমভি আব্দুল্লাহ নামের কার্গোটি কুষ্টিয়া থেকে বালি নিয়ে গোপালগঞ্জের উদ্দেশে যাচ্ছিলো। পথিমধ্যে মেঘনা নদীর আলীগঞ্জ এলাকায় পৌঁছালে তিনটি ট্রলারে ১০/১৫ জনের একটি ডাকাতদল হানা দেয়। এসময় কার্গো না থামায় ডাকাত দলটি এলোপাথাড়িভাবে পাথর নিক্ষেপ শুরু করে। তখন কার্গোর সুকানি বিষয়টি ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে জানায়। সূত্রে আরও জানা গেছে, দীর্ঘদিন থেকে মেঘনা নদীতে চলাচলকরা ট্রলারে গ্রেফতারকৃতরা ডাকাতি করে আসছিলো।










