জনতার খবর ডেস্কঃ আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার থেকে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শনিবার ঢাকাসহ সারাদেশে হালকা থেকে মাঝারি আকারে থেমে থেমে বৃষ্টি হবে। এসব তথ্য জানিয়ে আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া বলেন, বৃহষ্পতিবার ঢাকায় সর্বোচ্চ ৩৮ ডিগ্রি হলেও অনুভূত হচ্ছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার এই তাপমাত্রা কিছুটা কমে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
২৩ তারিখের পর থেকে সারাদেশের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া আগামীকাল বাংলাদেশের আকাশে ঈদের চাঁদ দেখার জোরালো সম্ভাবনা রয়েছে।
এদিকে, তীব্র গরমে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। শিশুদের এ সময় বাড়তি যত্ন নেয়া উচিত বলে মনে করেন চিকিৎসকরা। ঢাকা শিশু হাসপাতালে দেখা হলো ছোট্ট সাইফের সঙ্গে। এ ক’দিনের গরম সহ্য করতে না পেরে বাসায় অনেকবার গোসল করতো। এ কারণে অসুস্থ হয়ে পড়ায় মায়ের সাথে হাসপাতালের দুয়ারে।
ছুটির দিন হলেও শিশু হাসপাতালের জরুরি বিভাগে রোগির চাপ বেশি। অন্য সময়ের তুলনায় এখন গরমে শিশুরা বেশি অসুস্থ হয়ে পড়ছে। জ্বর-নিউমোনিয়া-ডায়ারিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে ২০০ জন শিশু হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে।
ঘাম থেকে রক্ষা পেতে শরীর বারবার মোছাতে হবে। বেশি করে তরল খাবারের পাশাপাশি ঠান্ডা পরিবেশে রাখার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউটের চিকিৎসক ডা. চয়ন বিশ্বাস।












