ঝালকাঠি প্রতিনিধিঃ
‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্যে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে এ র্যালি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়।
এতে অংশ নেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মো. আককাস সিকদার, বাস মালিক সমিতির সভাপতি আনিছুর রহমান তাপু, জেলা বন কর্মকর্তা মো. জাকিরুল হক সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানো, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটন খাতকে আরও আধুনিক ও আকর্ষণীয় করার ওপর গুরুত্বারোপ করে র্যালি পরবর্তী সাংবাদিকদের সাথে কথা বলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
তিনি বলেন, ঝালকাঠি পর্যটনের জন্য একটি সম্ভাবনাময় জেলা। নদী, খাল, সবুজ প্রকৃতি ও ঐতিহাসিক স্থাপনাকে কেন্দ্র করে এখানে পর্যটন বিকাশের সুযোগ রয়েছে। পর্যটন খাতের উন্নয়নের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো সম্ভব।
সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে ঝালকাঠির পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দারের বিশেষ সুপারিশে ঝালকাঠির ধানসিঁড়ি ইকো পার্কে কালচারাল ভিলেজ নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ঝালকাঠির পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে এবং দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা সহজ হবে।