বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলার ঐতিহ্যবাহী ডৌয়াতলা বাজারের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বেহাল দশায় পরিণত হয়েছে। বৃষ্টি হলেই পানিতে থৈথৈ করে গরুর বাজারসহ পুরো বাজার এলাকা। এতে দুর্ভোগে পড়তে হয় ভোক্তাসহ ব্যবসায়ীদের।
সম্প্রতি এমনি এক চিত্র দেখা গেছে, এই বাজারে। কয়েকদিনে হালকা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা গেছে। এতে করে ভোগান্তি বেড়েছে বাজারে আসা মানুষদের।
খোঁজ নিয়ে জানা যায়, ডৌয়াতলা এই বাজারে বৃষ্টিতে জমে যায় পানি। পানির সঙ্গে ময়লা-আবর্জনা মিশে খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষের। প্রতি বছর এই বাজার ইজারা থেকে লাখ লাখ টাকা রাজস্ব আয় হয়ে থাকে। গত তিন বছরে ২ কোটি টাকা রাজস্ব আসে ঐতিহ্যবাহী এই বাজার থেকে।
কিন্তু গুরুত্বপূর্ণ এই বাজারে উন্নত ড্রেনেজ ব্যবস্থা নেই। পানি নিষ্কাশনের জন্য মাছ বাজার রাস্তার যে ছোট ড্রেনেজ ব্যবস্থা রয়েছে তাও ভেঙে পড়ে ময়লা-আবর্জনায় বন্ধ হয়ে গেছে। এছাড়াও বিভিন্নস্থানে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ করে দেওয়ার কারণে প্রতি বছরই দুর্ভোগ পোহাতে হচ্ছে। পানিতে ময়লা-আবর্জনা জমে থাকায় দুর্গন্ধসহ পরিবেশ দুষণ হচ্ছে প্রতিনিয়ত। এতে ডেঙ্গু বিস্তার ও রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও প্রবল।
প্রাচীন এই বাজারে দ্রুত ড্রেনেজ ব্যবস্থা করে দুর্ভোগ লাগব করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন ক্রেতা, বিক্রেতা, ব্যবসায়ী ও বাজার কর্তৃপক্ষসহ সকলে।










