জনতার খবর ডেস্কঃ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের শাহীনবাগে যাওয়াকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মনে করে রাশিয়া। বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে মস্কোর এমন মনোভাব জানান রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ২৫ ডিসেম্বর রবিবার তা প্রকাশ করে ঢাকার রুশ দূতবাস।
অভিযোগ, মানবাধিকার সুরক্ষার কথা বলে ক্রমাগত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করে যাচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত। তবে শাহীনবাগে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসকে ঘিরে ধরার যে চেষ্টা হয়েছিলো তা ‘অপ্রত্যাশিত’ বলে মন্তব্য করেন রুশ মুখপাত্র মারিয়া।
গেলো ১৪ ডিসেম্বর সকালে রাজধানীর শাহীনবাগে নিখোঁজ বিএনপির নেতা সাজেদুল ইসলামের বাসায় গিয়েছিলেন পিটার ডি হাস। ফেরার পথে একদল লোক তাকে ঘিরে ধরার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীদের সহায়তায় সেখান থেকে বেরিয়ে যান তিনি। এ ঘটনায় সেদিনই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে জরুরি বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত।












