বরিশাল প্রতিনিধিঃ
জেলার উজিরপুর ও গৌরনদী উপজেলায় পৃথক সড়ক দূর্ঘটনায় একজন পান ব্যবসায়ী, একজন দিনমজুর ও একজন ভবঘুরে যুবকসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন-গৌরনদী উপজেলার উত্তর চাঁদশী গ্রামের বাসিন্দা পান ব্যবসায়ী গৌতম দত্ত (৪০), চন্দ্রহার গ্রামের দিনমজুর নেছার উদ্দিন সরদার (৫৫) ও অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন যুবক (২৬)।
বুধবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার ষ্টেশনের সাব-অফিসার আকতার হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যায় গৌরনদী থেকে ভ্যানযোগে পান নিয়ে টরকীর দিকে যাচ্ছিলো গৌতম দত্ত ও রতন নামের দুই পান ব্যবসায়ী।
পথিমধ্যে মহাসড়কের মদিনা ষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় অজ্ঞাতনামা ট্রাক পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যান চালকসহ তারা দুইজন গুরুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা গৌতম দত্তকে মৃত বলে ঘোষণা করেন।
একইদিন সন্ধ্যায় বাটাজোর-সরিকল সড়কের চন্দ্রহার বাদামতলা নামক এলাকায় বেপরোয়াগতির মোটরসাইকেলের ধাক্কায় পথচারী দিনমজুর নেছার উদ্দিন সরদার ও সুধীর চন্দ্র নামের দুই ব্যক্তি গুরুত্বর আহত হন। আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করার পর ওইদিন দিবাগত রাত সোয়া দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় নেছার উদ্দিন সরদার মৃতবরণ করেন। একইদিন দিবাগত রাত ১১টার দিকে উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মহাসড়ক পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন ভবঘুরে যুবক ঘটনাস্থলেই নিহত হন।










