বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে বিড়াল প্রদর্শনী। বিড়ালপ্রেমীদের অংশগ্রহণ আর প্রতিযোগিতার মধ্য দিয়ে আড়ম্বরপূর্ণ হয়ে ওঠে এই আয়োজন। এতে প্রতিযোগী হিসেবে অংশ নেন শাকিব খান, অপু বিশ্বাস ও বুবলী নামের তিনটিসহ মোট ৪০টি বিড়াল।
শুক্রবার (১১ নভেম্বর) রাতে ক্যাট/পার্সিয়ান ক্যাট সোসাইটি অব বরিশালের উদ্দ্যেগে নগরীর বান্দ রোডের ইউরো কনভেনশন হলে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
ক্যাট/পার্সিয়ান ক্যাট সোসাইটি অব বরিশালের সমন্বয়ক আবির বিন মিজান বলেন, পশুপ্রেমের জায়গা থেকে আমি ও আমার স্ত্রী প্রথম গ্রæপ খুলে বিড়ালপ্রেমীদের একত্রিত করার চেষ্টা করি এবং অল্প সময়ের মধ্যে ব্যাপক সাড়া পাই। আর সবার সম্মতিতে আজকে বরিশালে প্রথম বিড়ালের প্রদর্শনীর আয়োজন করেছি। এখানে বিড়ালগুলো বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এবং জয়ীদের জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে।
মেলার প্রধান অতিথি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরুল আলম বলেন, আজকের মিলনমেলা একটি চিত্তবিনোদনেরও বিষয়। নাগরিক জীবনে আমরা হাঁপিয়ে উঠেছি বিভিন্ন যান্ত্রিক কারণে। সেই সময়ে জীবে প্রেমের নিদর্শন হিসবে এই আয়োজন মানুষকে প্রাণীদের প্রতি আরও সদয় করবে। প্রাণিসম্পদ অধিদপ্তর সব সময় এমন মানুষদের পাশে থাকবে।
মেলায় অংশগ্রহণকারী ঐশ্বর্য বলেন, বিড়ালগুলো অনেক মায়াবী হয়। বিড়াল খুব সুন্দর এবং ভালো লাগে এজন্য পুষছি। মেলায় এসে আমার অদ্ভুত রকমের ভালো লাগছে।
জেবা মারিয়া অহনা বলেন, আমরা শাকিব খান, অপু বিশ্বাস ও বুবলী নামে বিড়ালের নামকরণ করেছি, কারণ বর্তমানে এর ট্রেন্ড চলছে। আমরা চার বছর ধরে বিড়াল পুষছি।










