বরিশাল প্রতিনিধিঃ
নগরীসহ পৃথকস্থানে পানিতে ডুবে দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল ফায়ার সার্ভিসের লিডার জহির রায়হান।
তিনি জানান, মৃত ব্যক্তিরা হলো-নগরীর ১০ নন্বর ওয়ার্ডের রাজ্জাক স্মৃতি কলোনীর বাসিন্দা রিকসাচালক আমির হোসেন (৫০), বাকেরগঞ্জের পশ্চিম ফরিদপুর গ্রামের হাওলাদার বাড়ির বাসিন্দা মনির হাওলাদারের ছেলে রোহান (৫) ও তার (মনির) ভাই সোহান হাওলাদারের ছেলে সাইমুন (৪) এবং মির্জাগঞ্জ উপজেলার দ্বিপাশা গ্রামের অসীম চন্দ্রের ছেলে অপূর্ব চন্দ্র (১২)।
ফায়ার সার্ভিসের লিডার আরও জানান, নগরীর কেডিসি ঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় রিকসাচালক আমির হোসেন। এরপর সোমবার সন্ধ্যায় নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের ডুবুরী হুমায়ুন কবির জানান, বাকেরগঞ্জ উপজেলার উত্তর রামপুর গ্রামের নানা বাড়িতে বেড়াতে এসেছিলো পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দ্বিপাশা গ্রামের অসীম চন্দ্রের ছেলে অপূর্ব চন্দ্র। সোমবার দুপুর অপূর্ব পায়রা নদীর শাখা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। ওইদিন সন্ধ্যায় অপূর্বর মরদেহ উদ্ধার করা হয়েছে।
এছাড়া বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম ফরিদপুর গ্রামের হাওলাদার বাড়ির দুই ভাই মনির ও সোহানের দুই শিশু পুত্র খেলার ছলে পরিবারের সবার অজান্তে পুকুরে পরে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর সোমবার সন্ধ্যায় পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে তাদের দাফন করা হয়েছে।










