বরিশাল প্রতিনিধিঃ
মোটা অংকের টাকার বিনিময়ে জেলার সাতটি ইউনিটে যুবদলের ঘোষিত পকেট কমিটির নেতৃবৃন্দকে প্রতিহতের ঘোষণা দিয়েছেন নিজ দলের নেতাকর্মীরা। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি আবেদন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে পাঠানো হয়েছে।
শুক্রবার সকালে ওই আবেদনে জানা গেছে, কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল তার নিকট আত্মীয় বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদের মাধ্যমে মোটা অংকের টাকা লেনদেনের মাধ্যমে সাতটি ইউনিটের পকেট কমিটি ঘোষণা করেছেন। ঘোষিত কমিটিতে জেলা উত্তর যুবদলের আহবায়ক, সিনিয়র যুগ্ম আহবায়কদের মতামত উপেক্ষা করে অসাংগঠনিক প্রক্রিয়ায় ফেসবুকের মাধ্যমে কমিটি ঘোষনা করেছেন।
জেলা উত্তরের গৌরনদী উপজেলা ও পৌর এবং আগৈলঝাড়া উপজেলার তৃণমূল পর্যায়ের বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা ঘোষিত কমিটিকে প্রত্যাখান করেছেন। একইসাথে তারা উল্লেখ করেন, যাদেরকে কমিটিতে আনা হয়েছে অতীতে তাদের রাজনৈতিক কোন পরিচয় নেই। তাই ঘোষিত কমিটি বিলুপ্ত করে অনতিবিলম্বে তৃণমূলের মতামতের ভিত্তিত্বে নতুন কমিটি গঠনের দাবি করা হয়। অন্যথায় ঘোষিত কমিটির নেতৃবৃন্দসহ কমিটির অনুমোদন ও সুপারশিকারী সুবিধাবাদীদের প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়েছে।
একই দাবীতে আগৈলঝাড়া উপজেলা যুবদলের নেতাকর্মীরা স্থানীয় প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন। উপজেলা যুবদলের পক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুবদলের সাবেক আহবায়ক মোল্লা আরিফ হোসেন ফিরোজ।
গৌরনদী উপজেলা ও পৌর যুবদলের পক্ষে দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বরাররে লিখিত আবেদন করেছেন, সরকারী গৌরনদী কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি এসএম জাকির হোসেন রাজা, সাবেক ভিপি কেএম আনোয়ার হোসেন বাদল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান আকবর, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ রিয়াজ ভ‚্ইঁয়া, সরকারী গৌরনদী কলেজ ছাত্রসংসদের সাবেক এজিএস মোঃ নাসির সরদার, ক্রীড়া সম্পাদক এসএম জসিম শরীফ, সহ-সভাপতি রবিন হোসেন বাবুল, পৌর যুবদলের যুগ্ম সম্পাদক শহিদ সরদার, বুলবুল সরদার ও সরদার জয়নাল আবেদীন।
অর্থ কেলেঙ্কারীর অভিযোগ পুরোপুরি অস্বীকার করে জেলা উত্তর যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ বলেন, যারা উল্লেখিত অভিযোগ করেছেন তারা বিএনপিকে ভালবেসে দল করছেন না, তারা সবাই বিশেষ এক সুবিধাবাদী বির্তকিত নেতার আর্শীবাদপুষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত। কেন্দ্রের নেতৃবৃন্দরা মাঠজড়িপ করে কমিটি ঘোষণা করেছেন দাবি করে গোলাম মোর্শেদ মাসুদ বলেন, যেখানে দীর্ঘদিন দল ক্ষমতার বাহিরে, সেখানে অর্থ দিয়ে কারা কমিটিতে আসতে চায়। এসব অভিযোগ মূলত আষাঢ়ের গল্প ছাড়া আর কিছুই নয়।










