বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এর সময় বরগুনার বামনা উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের দু পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা এমপির পক্ষে দেওয়া পুষ্পস্তবকও ভাংচুর করেছেন বিক্ষুব্ধ নেতা কর্মীরা। পরে কর্তব্যরত পুলিশ সদস্য ও আওয়ামীলীগের নেতারা দু’পক্ষকে শান্ত করেন।
মঙ্গলবার(১৫ আগষ্ট) সকাল সাড়ে ৯টায় বামনা উপজেলা পরিষদের সামনে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এর সময় ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শিরা জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে বামনা উপজেলা প্রশাসন আয়োজিত সকাল ৯টায় জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়। পর্যায়ক্রমে উপজেলা পরিষদ ও প্রশাসন পুষ্পস্তবক অর্পণ শেষে সরকার দলীয় সকল সংগঠন ও উপজেলার বিভিন্ন দপ্তর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় বামনা উপজেলা সৈনিক লীগের সভাপতি আলমগীর হোসেন খান, সাধারণ সম্পাদক মীর সাব্বির আলীমসহ নেতা কর্মীরা পুষ্পস্তবক নিয়ে যায়। তখন বামনা উপজেলা যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম সরোয়ার তাদের পুষ্পস্তবক অর্পণ থেকে বিরত থাকতে বলেন। সৈনিক লীগ সভাপতি প্রতিবাদ করলে যুবলীগ ও ছাত্রলীগের একাংশ তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এসময় অপর পক্ষও চড়াও হলে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এদিকে ভুক্তভোগী বামনা উপজেলা সৈনিক লীগ সভাপতি আলমগীর হোসেন খান অভিযোগ করেন, আমি আমার নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করতে গেলে আমাকে ভিতরে যেতে বাঁধা দেয় যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম সরোয়ার। তিনি আমায় বলেন আপনার ফুল দেওয়া লাগবে না। আপনি এখান থেকে চলে যান। এঘটনার প্রতিবাদ করলে যুবলীগ সভাপতি আচমকা আমাকে লাথি দিয়ে ফেলে দেয়। পরে তার অনুসারি যুবলীগ ও ছাত্রলীগের নেতারাও আমার ওপর চড়াও হয়।
এদিকে দু’পক্ষের হাতাহাতিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দেওয়া সংরক্ষিত নারী সংসদ সদস্য সুলতানা নাদিরা এমপি সহ কয়েকটি পুষ্পস্তবক ভাংচুর করে বিক্ষুব্ধ নেতারা।
এব্যাপারে অভিযুক্ত যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম সরোয়ার বলেন, আমি সৈনিক লীগ সভাপতিকে বলেছি আপনি একটু পরে ফুল দিবেন। ছোট সংগঠন গুলো দিয়ে যাক। এ কথা বলার পরে তিনি চড়াও হয়ে ওঠে। পরে কলেজ ছাত্রলীগ নেতা পূর্বের বিএনপি কর্মী মহিবুর রহমান আমাদের ওপর চড়াও হলে হাতাহাতির সৃষ্টি হয়। তবে যারা আজ এই ঘটনাটি ঘটালো তারা কারা আপনারা সাবাই জানেন।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বামনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড. হারুন অর রশিদ। তিনি বলেন, আজকে এই ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।










