বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনায় ‘জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৩’ উপলক্ষ্যে মঙ্গলবার মৎস্য বিভাগের উদ্যোগে র্যালি, আলোচনা সভা, নিহত জেলে পরিবারকে আর্থিক সহায়তা এবং মৎস্য চাষীদের মধ্য পুরস্কার বিতরণ করা হয়েছে।
বরগুনা শিল্পকলা একাডেমি মিলনায়তন র্যালি শেষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সংসদীয় কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। স্বাগত বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দে।
আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার আব্দুস ছালাম, মুক্তিযোদ্ধা আ. মোতালেব মৃধা, মৎস্যজীবী জাকির হোসেন মিরাজ, জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি আ. খালেক দফাদার, মৎস্যজীবী আলমগীর হোসেন ,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাফর হাওলাদার প্রমুখ।
প্রধান অতিথি সংসদ সদস্য আ্যডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, মৎস্য সেক্টরকে এক শ্রেণির শোষক জিম্মি করে রেখেছে। শোষক শ্রেণির জিম্মি থেকে বের হতে জেলে প্রকৃত মৎস্যজীবীদেরকে সাহসী দায়িত্ব নিতে হবে।
আলোচনা সভায় আরও বলা হয়, মাছের প্রজন্ম বিস্তারে বাধাগ্রস্ত করে এমন কোনো ধরনের জাল ব্যবহার করা যাবে না। নদী- খাল থাকবে উন্মুক্ত।
আলোচনা সভা শেষে নিহত জেলে পরিবারকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর এবং শ্রেষ্ঠ মৎস্য চাষীদের পুরস্কৃত করা হয়।










